ভ্রমণভিত্তিক এআই স্টার্টআপ ‘ওডেসিয়া’ কিনলো ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রভাবশালী প্রতিষ্ঠান ওপেনএআই ভ্রমণবিষয়ক এআই এজেন্ট স্টার্টআপ ‘ওডেসিয়া’ অধিগ্রহণ করেছে। এর মাধ্যমে ভ্রমণ খাতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন পদক্ষপ নিল প্রতিষ্ঠানটি।
ওডেসিয়ার প্রতিষ্ঠাতা এবং স্বল্পমেয়াদি আবাসন সেবা সংস্থা ‘সন্ডার’-এর সাবেক সহ-প্রতিষ্ঠাতা ফ্রান্সিস ডেভিডসন নিজেই এই অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিগ্রহণের পর ডেভিডসন ওপেনএআইতে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে ভ্রমণবিষয়ক ভবিষ্যৎ এআই প্রযুক্তি ও সেবা উন্নয়নে ভূমিকা রাখবেন।
‘অ্যাকুই-হায়ার’ চুক্তি ও ওডেসিয়ার কার্যক্রম বন্ধ
যদিও লেনদেনের আর্থিক শর্তাবলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে শিল্প বিশ্লেষকদের মতে এটি মূলত একটি ‘অ্যাকুই-হায়ার’ (প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও মেধাবী কর্মী অর্জনের উদ্দেশ্যে অধিগ্রহণ) চুক্তি।
মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ওডেসিয়া সেকোইয়া ক্যাপিটালের নেতৃত্বে ৬ মিলিয়ন ডলারের প্রি-সিড অর্থায়ন তুলেছিল। পাঁচ মাস আগে উন্মোচিত হওয়া তাদের এআই এজেন্টটি প্রাথমিক ব্যবহারকারীদের কয়েক মিলিয়ন ডলার মূল্যের ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করেছে। তবে এই অধিগ্রহণের পরপরই ওডেসিয়ার স্বাধীন টুলটির সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
ওপেনএআই-এর এক মুখপাত্র এই নিয়োগ ও অধিগ্রহণের সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রমণ খাতে সফল ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তা ফ্রান্সিস ডেভিডসনকে তাদের দলে পেয়ে তারা আনন্দিত।
ভ্রমণ খাতে ওপেনএআই-এর পরিকল্পনা
এখনও পর্যটন বা ভ্রমণসংক্রান্ত পৃথক কোনো পণ্যের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ওপেনএআই। তবে বুকিং ডটকম, এক্সপিডিয়া এবং কায়াকের মতো শীর্ষস্থানীয় গ্লোবাল ট্রাভেল প্ল্যাটফর্মগুলো ইতোমধ্যেই তাদের গ্রাহক বা সহযোগী হিসেবে কাজ করছে।
ওপেনএআই মুখপাত্রের মতে, বিশ্বজুড়ে সপ্তাহে প্রায় ১২০ কোটি মানুষ দৈনন্দিন নানান কাজের পাশাপাশি ভ্রমণের পরিকল্পনা করতে চ্যাটজিপিটি ব্যবহার করেন। ফলে এ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ আরও প্রসারিত করার দারুণ সম্ভাবনা দেখছে সংস্থাটি।
ফ্রান্সিস ডেভিডসন ও সন্ডারের ইতিহাস
ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ফ্রান্সিস ডেভিডসন এক পরিচিত নাম। ২০১৪ সালে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি প্রতিষ্ঠা করেন ‘সন্ডার’। এটি এয়ারবিএনবির মতোই শহরের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট স্বল্প মেয়াদে ভাড়া দেওয়ার জনপ্রিয় একটি সেবা ছিল।
একপর্যায়ে সন্ডারকে ১ বিলিয়ন ডলার মূল্যায়নের ইউনিকর্ন প্রতিষ্ঠানে উন্নীত করেন ডেভিডসন। তবে করোনা মহামারীর ধাক্কা এবং পরবর্তী সময়ে ব্যবসায়িক জটিলতা ও স্প্যাক প্রক্রিয়ার পর অর্থনৈতিক সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত মারিয়টের সঙ্গে একটি চুক্তি ভেস্তে গেলে সন্ডার দেউলিয়া হয়ে যায়। পরবর্তীতে ২০২৬ সালে সন্ডারের ব্র্যান্ড ও ডোমেইন ট্রেডমার্ক ট্রাভেলএআই-এর কাছে বিক্রি করা হয়।
ব্যবসায়িক বিপর্যয় পেরিয়ে ওডেসিয়া গড়ে তোলা ডেভিডসনের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছে ওপেনএআই, এবং তার হাত ধরেই এআই চালিত ট্রাভেল সেবায় নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





