বিচার ও নিরাপত্তার দাবি

যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জের পরিবারের ওপর হামলার নিন্দা

  • পাংশায় সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ
  • তার বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করা হয়েছে
  • হামলাকারীদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সংগঠনটি

যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জের পরিবারের ওপর হামলার নিন্দা
১১ নভেম্বর, ২০২৬ ১০:২২  

দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশায় গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং তার পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি। সংগঠনটি হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি রবিনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

১১ নভেম্বর, বুধবার  সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তার বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার এবং ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়।

একজন গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতা অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনটির নেতারা বলেন, সাংবাদিকের পেশাগত পরিচয়ের কারণে তার পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা তাদের ভয়ভীতি প্রদর্শনের যেকোনো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

তারা আরও বলেন, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সঙ্গে অমিত হাসান রবিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সব গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনলাইন এডিটরস সোসাইটির নেতারা বলেন, সাংবাদিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে অনলাইন এডিটরস সোসাইটি বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

//ডিবিটেক/পিআর/এসএমপি/এফওইডিটি//