৫ ডিসেম্বরের বদলে ৩০ জানুয়ারি পরীক্ষা; চার বিভাগে ভর্তির সুযোগ

ইউজিসির অনুরোধে পেছাল এএইউবির ভর্তি পরীক্ষা

  • ইউজিসির অনুরোধে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে ৩০ জানুয়ারি নির্ধারণ করল এএইউবি
  • এইচএসসি পুনর্নিরীক্ষণ ও সম্পূরক উত্তীর্ণদের সুযোগ দিতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত
  • ঢাকার বিএএফ শাহীন কলেজ ও লালমনিরহাট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে চার বিষয়ের পরীক্ষা

ইউজিসির অনুরোধে পেছাল এএইউবির ভর্তি পরীক্ষা
৯ নভেম্বর, ২০২৬ ১৮:৪২  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রায় দুই মাস পিছিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৩০ জানুয়ারি।

৯ নভেম্বর, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার এ সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ফল পুনর্নিরীক্ষণ এবং অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার সময়সীমার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিএএফ শাহীন কলেজ ঢাকা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

এর আগে সোমবার দুপুরে ইউজিসি কার্যালয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানানো হয়। একই সঙ্গে আগামী জানুয়ারি থেকে কেন্দ্রীয়ভাবে আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে নীতিগত আলোচনা হয়। ইউজিসির সেই পরামর্শের পরপরই প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করল এএইউবি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক প্রোগামে চারটি বিশেষায়িত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিষয়গুলো হলো— বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।

//ডিবিটেক/জেএনইআর/এসএমপি/এমভিএনও//