নেটফ্লিক্সে মোশাররফ করিমের জোড়া সিরিজ: হিন্দি, তামিল ও তেলুগুতে আসছে ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’
হইচই ও নেটফ্লিক্সের চুক্তি; বদলে গেছে বোহেমিয়ান ঘোড়ার নাম
- নেটফ্লিক্সে একই নামে মুক্তি পাচ্ছে আশফাক নিপুণের ‘মহানগর’, বোহেমিয়ান ঘোড়ার নতুন নাম ‘শাদি কা সিয়াপা’
- আগামী দুই বছরে হইচইয়ের ১৪টি অরিজিনাল সিরিজ তিন ভারতীয় ভাষায় অবমুক্ত হবে নেটফ্লিক্সে
- ডিসেম্বরে চঞ্চল চৌধুরীর টালিউড সিরিজ ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ দেখা যাবে বৈশ্বিক প্ল্যাটফর্মে
বাংলাদেশের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম অভিনীত সাড়াজাগানো দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার বৈশ্বিক ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে অবমুক্ত হতে যাচ্ছে। ভারতীয় দর্শকদের বৃহত্তর পরিসরে পৌঁছাতে সিরিজ দুটিকে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ডাবিং করে আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।
মূলত বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই বাংলাদেশ’-এর জন্য নির্মিত হয়েছিল সিরিজ দুটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হইচই জানিয়েছে, আশফাক নিপুণ নির্মিত প্রশংসিত ক্রাইম-ড্রামা ‘মহানগর’ সিরিজটির নাম অপরিবর্তিত থাকলেও বহুবিবাহের জটিল সমীকরণ নিয়ে অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজটির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সংস্করণে এর নাম নির্ধারণ করা হয়েছে ‘শাদি কা সিয়াপা’।
সূত্র বলছে, বৈশ্বিক বিনোদন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং আঞ্চলিক ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর মধ্যে এরইমধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে হইচইয়ের জনপ্রিয় মৌলিক কনটেন্ট, নতুন প্রিমিয়ার এবং বিশেষ রিমেকগুলো বৃহত্তর ভারতীয় ভাষাভাষী দর্শকদের কাছে পরিবেশন করা হবে। চুক্তি অনুযায়ী, আগামী দুই বছর হইচইয়ে মুক্তি পেতে যাওয়া সকল নতুন মৌলিক কনটেন্ট এবং নির্বাচিত পুরোনো জনপ্রিয় কাজের নতুন সংস্করণ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে মুক্তি পাবে।
এই চুক্তির প্রাথমিক তালিকায় হইচইয়ের মোট ১৪টি কনটেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রথম সারিতে স্থান করে নিয়েছে বাংলাদেশের এই দুই জনপ্রিয় সিরিজ। এর মধ্যে আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর’-এ ঢাকার একটি থানার এক রাতের টানটান উত্তেজনাকর রাজনৈতিক ক্ষমতার খেলা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাঝে ‘ওসি হারুন’ চরিত্রে মোশাররফ করিমের বুদ্ধিমত্তার খেলা বিশ্বজুড়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এর দুটি কিস্তিই ব্যাপক সাফল্য পায়। অন্যদিকে অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’য় সাত জেলায় সাতটি গোপন বিয়ের জটিলতায় জড়ানো ট্রাকচালক আব্বাসের ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন এই অভিনেতা।
এ ছাড়া এই চুক্তির আওতায় আগামী ডিসেম্বর মাসে হইচইয়ে মুক্তির অপেক্ষায় থাকা অভিনেতা চঞ্চল চৌধুরীর টালিউড প্রজেক্ট ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ সিরিজটিও সরাসরি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে দেখা যাবে। সিরিজটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত।
//ডিবিটেক/বিডিএনআর/এসএমপি/এমআইএসটি//





