খুলনায় আঞ্চলিক কনক্লেভ

গ্রাহকসেবায় কৌশলগত গুরুত্ব দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক

  • খুলনা অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কৌশল পর্যালোচনা করেছে ব্যাংক
  • গ্রাহকসেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দিয়েছে দিকনির্দেশনা
  • ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এমডি

গ্রাহকসেবায় কৌশলগত গুরুত্ব দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক
৮ নভেম্বর, ২০২৬ ১০:২৪  

খুলনা অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক। এতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা নিশ্চিত করা এবং ব্যাংকের কৌশলগত ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

খুলনার একটি স্থানীয় হোটেলে ৬ নভেম্বর হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর, রবিবার ব্যাংকটির পক্ষ থেকে এ আয়োজনের তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য সর্বোত্তম সমাধানদাতা ও বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গ্রাহকসেবার মান বাড়াতে তাঁদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক।

কনক্লেভে খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।

এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কনক্লেভে খুলনা অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তাদের পাশাপাশি রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।
//ডিবিটেক/ডিপিওপিআর/এসএমই/এমএসআই//