জুনে লক্ষ্য ৫০০ উপজেলা
৪০০ উপজেলায় আম্বার আইটির ব্রডব্যান্ড
- কাপ্তাইয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ৪০০তম উপজেলায় পৌঁছেছে আম্বার আইটি।
- আগামী বছরের জুনের মধ্যে ৫০০ উপজেলায় সংযোগ দেওয়ার পরিকল্পনা।
- নভেম্বরেই আরও পাঁচ উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণের ঘোষণা প্রতিষ্ঠানটির
দেশের ৪০০টি উপজেলায় নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণ করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। রাঙামাটির কাপ্তাই উপজেলায় সংযোগ চালুর মধ্য দিয়ে এ মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের জুনের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সিলেটের গোলাপগঞ্জে ৩৯৯তম উপজেলা হিসেবে সংযোগ পৌঁছে দেয় আম্বার আইটি।
প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ৬৪টি জেলায় নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে ইন্টারনেট সেবা পরিচালনা করছে। উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে জেলা শহরের বাইরেও আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
আম্বার আইটি জানায়, চলতি নভেম্বরের মধ্যে মিরসরাই, নড়িয়া, মিরপুর, মির্জাপুর ও ভুল্লী উপজেলায় নেটওয়ার্ক সংযোগ চালু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে নতুন উপজেলায় অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নেটওয়ার্ক সক্ষমতা ও গ্রাহকসেবার পরিধি বাড়ানোর কাজও করছে প্রতিষ্ঠানটি।
আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে আমরা দেশের ৪০০টি উপজেলায় আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পেরেছি। আগামী বছরের জুনের মধ্যে ৫০০টি উপজেলায় সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, শহর কিংবা প্রত্যন্ত অঞ্চল—সব জায়গার মানুষ যেন সমানভাবে আধুনিক ইন্টারনেট সেবার আওতায় আসেন।’
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ১০০তম উপজেলা হিসেবে যুক্ত হয়েছিল রংপুর বিভাগের সৈয়দপুর, ২০০তম উপজেলা ছিল ময়মনসিংহের হালুয়াঘাট এবং ৩০০তম উপজেলা হিসেবে যুক্ত হয়েছিল বরিশাল বিভাগের ভোলার চরফ্যাশন।
//ডিবিটেক/এইচএএইচ/এসএমপি/এমভিএনও//





