চতুর্থ শিল্প বিপ্লবে দক্ষতা উন্নয়নে

টিভেট, এআই ও ন্যানোটেকনোলজিতে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে সরকার
  • টিভেট প্রশিক্ষণে দক্ষ জনশক্তি গড়ার উদ্যোগ
  • এআই ও ন্যানোটেকনোলজিতে দক্ষতা অর্জনের আহ্বান

টিভেট, এআই ও ন্যানোটেকনোলজিতে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
১১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৯  

চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণে কাজ করছে সরকার।

১১ নভেম্বর, বুধবার ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই বরাদ্দ আরও বাড়ানো হবে।

তিনি বলেন, শিক্ষাখাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বরাদ্দ করা বাজেটের যথাযথ ব্যবহার করতে হবে। কোনো ধরনের অপচয় যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

টিভেট প্রশিক্ষণে দক্ষ জনশক্তি গড়ার উদ্যোগ

দেশের টেকসই উন্নয়নে মানবসম্পদ উন্নয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা প্রয়োজন। এ লক্ষ্যেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

তিনি জানান, কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠানো সম্ভব হলে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের অংশগ্রহণ বাড়বে।

এআই ও ন্যানোটেকনোলজিতে দক্ষতার তাগিদ

চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হলে নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।

এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি এআইয়ের সম্ভাবনার পাশাপাশি এর ক্ষতিকারক দিক সম্পর্কেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিইউপিতে চারটি আবাসিক ভবন উদ্বোধন

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক ভবনেরও উদ্বোধন করেন তিনি।

এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বিইউপির শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল ড. মোঃ মাহবুব-উল আলম।

//ডিবিটেক/ইএমএ/এসএমপি/এসএমই//