সোনারগাঁওয়ে আন্তর্জাতিক সেমিনারে সিআইআই সুরক্ষায় তিনটি কৌশলগত অগ্রাধিকার ঘোষণা

সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়াশীল নয়, প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ার তাগিদ মন্ত্রীর

  • ডিজিটাল সরকারি সেবা ও সিআইআই সুরক্ষায় প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর
  • ডিজাইনে মৌলিক নিরাপত্তা, নাগরিক তথ্যের নিশ্চয়তা এবং বাজেট ও নেতৃত্ব—তিনটি কৌশলগত অগ্রাধিকার ঘোষণা
  • ভৌগোলিক সীমানার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা সমান অপরিহার্য বলে মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার

সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়াশীল নয়, প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ার তাগিদ মন্ত্রীর
১০ নভেম্বর, ২০২৬ ১৩:৪৬  

সরকারের সার্বিক কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে নিছক প্রতিক্রিয়াশীল ব্যবস্থা নয়, বরং প্রতিরোধমূলক টেকসই সাইবার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ১০ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

‘E-ffective Governance: Accelerating e-government and digital public services in Bangladesh’ প্রকল্পের আওতায় ‘Cybersecurity for Resilient Digital Government: Strategic Awareness for Policy-Makers, Senior Civil Servants, and Critical Information Infrastructure (CII) Leaders’ শীর্ষক দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) থেকে শুরু করে ‘এক নাগরিক-এক পরিচয়-এক ওয়ালেট’ বিনির্মাণ—সব সেবাই এখন ক্লাউড ও ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর পুরোপুরি নির্ভরশীল। এই বিপুল অগ্রগতি অর্থনৈতিক সুযোগ সৃষ্টির পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এ প্রেক্ষাপটে জাতীয় সাইবার সুরক্ষায় তিনটি কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন মন্ত্রী—ডিজাইনে মৌলিক নিরাপত্তা, নাগরিক তথ্যের নিশ্চয়তা এবং বাজেট ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব। তিনি স্পষ্ট করেন, দেশের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (CII) প্রযুক্তি ব্যবস্থার নকশা প্রণয়নের প্রাথমিক স্তর থেকেই সাইবার নিরাপত্তাকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, একে কোনো পরবর্তী সংযোজন ভাবা যাবে না। পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ‘তথ্য সুরক্ষা কাঠামো’ বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তাকে রাজস্ব বাজেট ও বার্ষিক পরিকল্পনার অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি। আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি জানান, এস্তোনিয়ার সফল রূপান্তরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিকে (এনসিএসএ) দ্রুত একটি বাস্তবায়ন রোডম্যাপ প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানা সুরক্ষার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা আধুনিক রাষ্ট্রের জন্য সমান অপরিহার্য। তিনি সতর্ক করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার সাইবার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাই সাইবার অপরাধীদের প্রতিহত করতে দেশীয় তরুণদের মেধার বিকাশ ঘটিয়ে রাষ্ট্রকেও উন্নত প্রযুক্তি ও সক্ষমতা নিয়ে প্রস্তুত থাকতে হবে।

আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। সূচনা বক্তব্য দেন এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির (eGA) প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের বিশেষ প্রতিনিধি। সেমিনারে সার্ট (CERT/CSIRT) নেটওয়ার্কিং, সাইবার কূটনীতি ও জাতীয় অবকাঠামো সুরক্ষায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

//ডিবিটেক/এমজেডআইপিআর/এসএমই//