সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি 

যবিপ্রবিতে ই-জিপি ও ডি-নথি প্রশিক্ষণ

  • সরকারি ক্রয় ও ফাইল ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত
  • ই-জিপি, পিপিআর, পিপিএ ও টেন্ডার প্রস্তুতি ছিল প্রশিক্ষণের বিষয়
  • ভবিষ্যতে চাহিদাভিত্তিক দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা

যবিপ্রবিতে ই-জিপি ও ডি-নথি প্রশিক্ষণ
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৩৬  

    সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক নথি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ই-জিপি, ডি-নথি ও টেন্ডার প্রস্তুতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি ক্রয়ে নির্ধারিত বিধিবিধান অনুসরণ এবং প্রশাসনিক কাজে ভুল কমানোর পাশাপাশি ফাইল নিষ্পত্তির গতি বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    ১১ নভেম্বর, বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি অ্যান্ড টেন্ডার প্রস্তুতি’ শীর্ষক কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান এবং নবম গ্রেড ও তদূর্ধ্ব শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন।

    প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

    সরকারি ক্রয়ে দক্ষতা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর জানান, বিশ্ববিদ্যালয়ের ক্রয় প্রক্রিয়া ও ফাইল পরিচালনায় গতিশীলতা এবং স্বচ্ছতা আনতে এ প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি জানান, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তারা তাঁদের দৈনন্দিন দাপ্তরিক এবং ক্রয়সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে পারবেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে দাপ্তরিক কাজের মান উন্নত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান জানান, শেখার কোনো বিকল্প নেই। ভুলত্রুটি এড়িয়ে কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীরা দাপ্তরিক কাজে সঠিকভাবে প্রয়োগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

    তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের মতামত ও চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদি এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

    পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণের তাগিদ

    বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান জানান, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হয়। এসব প্রক্রিয়া শতভাগ নির্ভুল ও সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

    তিনি মন্তব্য করেন, প্রশিক্ষণ শেষে কোন কোন বিষয়ে আরও দক্ষতা ও প্রশিক্ষণের ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করা প্রয়োজন। এসব চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি কিংবা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ সেশন ও উদ্যোগ নেওয়া হলে তা আরও ফলপ্রসূ হবে।

    কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন । এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।

    //ডিবিটেক/এসসি/ডিই/ওই//