মার্চেন্ট পেমেন্টে ব্যাংক-এমএফএস পাবে ইনসেনটিভ

বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • বাংলা কিউআর লেনদেনে ব্যাংক ও এমএফএস পাবে ৬ টাকা প্রণোদনা
  • ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে মিলবে এই সুবিধা
  • ক্ষুদ্র বিক্রেতার পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী মার্চেন্টরাও যুক্ত হলেন

বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা বাড়াল বাংলাদেশ ব্যাংক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫  

দেশে ক্যাশলেস অর্থপ্রবাহ বৃদ্ধি ও ডিজিটাল পেমেন্ট ইকোসিটেমকে শক্তিশালী করতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে নতুন প্রণোদনার সুযোগ সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৭ সেপ্টেম্বর) পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে জারিকৃত এক নতুন সার্কুলারে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনের বিপরীতে সংশ্লিষ্ট পেমেন্ট সেবাদানকারী দুই প্রতিষ্ঠানকে মাসিক ভিত্তিতে মোট ৬ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে। লেনদেন সম্পন্নকারী বা অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ০.১০ শতাংশ (সর্বোচ্চ ২ টাকা) এবং গ্রাহকের কার্ড বা হিসাব প্রদানকারী ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ০.২০ শতাংশ (সর্বোচ্চ ৪ টাকা)। উদাহরণস্বরূপ, ২ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান ২ টাকা ও ইস্যুয়িং প্রতিষ্ঠান ৪ টাকা পাবে; আর ১ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান ১ টাকা ও ইস্যুয়িং প্রতিষ্ঠান ২ টাকা পাবে। তবে এই অর্থ সরাসরি কোনো গ্রাহক বা মার্চেন্ট পাবেন না।

পূর্বের ১০ আগস্টের পিএসডি-২ সার্কুলার সংশোধন করে প্রণোদনার এই নতুন পরিধি নির্ধারণ করা হয়েছে। এর ফলে কেবল ব্যক্তিক রিটেইল হিসাবধারী ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতারাই নন, ট্রেড লাইসেন্সধারী যেকোনো মার্চেন্ট পয়েন্টে সংগঠিত বাংলা কিউআর লেনদেনও এখন থেকে এই ইনসেনটিভ সুবিধার অন্তর্ভুক্ত হবে।

//ডিবিটেক/ডিপিও/এসএমই/এমআইএসটি//