পরিবেশ রক্ষায় পাট ব্যবহারে সম্মত বিশ্ব
পাট ও জিরো-ওয়েস্ট চুক্তি স্বাক্ষরিত
- পরিবেশ সুরক্ষায় পাটকে প্লাস্টিকের বিকল্প স্বীকৃতি
- নিয়মিত সংলাপ ও যৌথ উদ্যোগে সমঝোতা
- কপ-৩১ সম্মেলনে বড় বৈশ্বিক অর্ডারের সম্ভাবনা
প্লাস্টিকের ব্যবহারিক ও টেকসই বিকল্প হিসেবে পাটকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিম এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশন টিমের মধ্যে নিয়মিত সংলাপ ও সহ-সৃষ্টির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তুরস্কের আন্টালিয়ায় আয়োজিত কপ-৩১ সম্মেলনের পাশাপাশি আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর, বুধবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
কপ-৩১-এর আন্টালিয়া সম্মেলনে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিম এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশন টিমের বৈঠকে বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ফাউন্ডেশন টিম বাংলাদেশের উপস্থাপিত পাট ইকোসিস্টেম সার্ভিসের ভূয়সী প্রশংসা করে। তারা পাটকে একটি কার্বন-নেগেটিভ, সম্পূর্ণ পচনশীল প্রাকৃতিক তন্তু এবং ক্ষতিকর প্লাস্টিকের কার্যকর বিকল্প হিসেবে স্বীকৃতি জানায়। অন্যদিকে, বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিমও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের টেকসই বর্জ্য মুক্ত পরিবেশ গড়ার প্রচেষ্টার প্রশংসা করে।
উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও যৌথ উদ্ভাবনী কাজের সুযোগ তৈরির বিষয়ে সম্মত হয়েছে। এর উদ্দেশ্য হলো জুটের অনন্য পরিবেশগত সুবিধাকে ফাউন্ডেশনের পরিবেশবান্ধব উদ্যোগের সাথে যুক্ত করে বাস্তবমুখী দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা।
সম্মেলন চলাকালে দিনভর বাংলাদেশ জুট প্যাভিলিয়নে আন্তর্জাতিক দর্শনার্থী ও বিশ্বনেতাদের উপচে পড়া ভিড় এবং তীব্র আগ্রহ দেখা গেছে। বেশ কয়েকটি দেশের উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও তরুণ জলবায়ু নেতারা প্যাভিলিয়ন পরিদর্শন করেন। দর্শনার্থীদের উৎসাহ দেখে ধারণা করা হচ্ছে শিগগিরই বাংলাদেশে পাটজাত পণ্যের কয়েকটি বৃহৎ ও উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ক্রয়াদেশ বা অর্ডার আসতে চলেছে।
//ডিবিটেক/এমএমসি/এসডিই/এফওই//





