চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলো ‘ফ্রি ফায়ার ইন্ডিয়া’

চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলো ‘ফ্রি ফায়ার ইন্ডিয়া’
২৯ অক্টোবর, ২০২৬ ১৩:৪৭  
২৮ অক্টোবর, ২০২৬ ২২:৫৫  

জাতীয় নিরাপত্তার উদ্বেগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিষিদ্ধ হওয়ার দীর্ঘ চার বছর পর, সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি জায়ান্ট 'সি'-র মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যারেনা ভারতে আনুষ্ঠানিকভাবে চালু করেছে তাদের জনপ্রিয় গেমের লোকালাইজড সংস্করণ ‘ফ্রি ফায়ার ইন্ডিয়া’।

অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়া এই নতুন সংস্করণে ভারতীয় আইনি বাধ্যবাধকতা মেনে বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- স্থানীয় ক্লাউড সার্ভারে ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ, ১৮ বছরের কম বয়সী গেমারদের জন্য দৈনিক ৩ ঘণ্টার ‘প্লে-টাইম লিমিট’, অভিভাবকদের ভেরিফিকেশন ব্যবস্থা এবং ইন-গেম কেনাকাটায় সুনির্দিষ্ট সীমা নির্ধারণ।

ফ্রি ফায়ার ম্যাক্স ও অ্যাকাউন্ট সুবিধা
গ্যারেনার ভারত অপারেশনের প্রধান বৈভব দাস মুন্ধ্রা জানিয়েছেন, পূর্বে সচল থাকা ‘ফ্রি ফায়ার ম্যাক্স’ সংস্করণটি নতুন ‘ফ্রি ফায়ার ইন্ডিয়া’র পাশাপাশি নিয়মিত চালু থাকবে।

গেমাররা চাইলে তাঁদের বিদ্যমান অ্যাকাউন্ট ব্যবহার করেই উভয় সংস্করণে লগইন করতে পারবেন। এর ফলে পুরনো অ্যাকাউন্ট থেকেই যৌথভাবে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া এবং বন্ধুদের সঙ্গে ‘ক্রস-প্লে’ সুবিধা উপভোগ করা যাবে।

গেমিং বাজার ও বৈশ্বিক প্রতিক্রিয়া
২০২২ সালে ভারত সরকার গেমটি নিষিদ্ধ করার পর গ্যারেনার মূল প্রতিষ্ঠান সি’র বাজারমূল্য এক দিনেই প্রায় ১৬ বিলিয়ন ডলার কমে গিয়েছিল।

তবে দীর্ঘ প্রতীক্ষার পর গেমটির আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন স্থানীয় গেমার ও ক্রিয়েটরদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। অ্যাপ বিশ্লেষণকারী সংস্থা 'সেন্সর টাওয়ার'-এর তথ্যানুযায়ী, ভারতে গেমটির প্রায় ৭ কোটি ৭৪ লাখের বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারীর বিশাল উপস্থিতি রয়েছে, যা দেশটির উদীয়মান ই-স্পোর্টস ও মোবাইল গেমিং শিল্পকে নতুন প্রাণ জোগাবে বলে মনে করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ