৪ গুণ বেশি থ্রুপুট ও ১৩ গুণ দ্রুত ফেইলওভার শনাক্তকরণে নতুন এক্সজিএস হার্ডওয়্যার

এআই যুগের নেটওয়ার্ক নিরাপত্তায় সফোসের ফায়ারওয়াল ভি২৩ উন্মোচন

  • এআই যুগের ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলায় 'সফোস ফায়ারওয়াল ভি২৩' ও নতুন এক্সজিএস হার্ডওয়্যার উন্মোচন করেছে সফোস
  • নতুন সংস্করণে যুক্ত হয়েছে এআই অ্যাসিস্ট্যান্ট, সফোস এআই ডিফেন্স ইন্টিগ্রেশন এবং স্ট্যান্ডঅ্যালোন এনডিআর (NDR) সমাধান
  • হার্ডওয়্যার-অ্যাওয়ার প্রযুক্তির মাধ্যমে ফেইলওভার শনাক্তকরণের সময় চার সেকেন্ড থেকে কমিয়ে মাত্র ৩০০ মিলিসেকেন্ডে নামিয়ে এনেছে প্রতিষ্ঠানটি

এআই যুগের নেটওয়ার্ক নিরাপত্তায় সফোসের ফায়ারওয়াল ভি২৩ উন্মোচন
৯ নভেম্বর, ২০২৬ ১১:২৬  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে ক্রমবর্ধমান ট্রাফিক চাপ সামলানো এবং আধুনিক সাইবার হুমকি মোকাবিলার লক্ষ্যে নতুন নিরাপত্তা প্রযুক্তি উন্মোচন করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সফোস। ৯ নভেম্বর, ২০২৬ সোমবার ঢাকায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফোস ফায়ারওয়াল ভি২৩ (Sophos Firewall v23), আধুনিক এক্সজিএস হার্ডওয়্যার এবং পৃথক সফোস এনডিআর (Network Detection and Response) সমাধানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির এআই-নেটিভ সাইবার সিকিউরিটি ডিফেন্স সিস্টেম 'সফোস ফিউশন'-এর আওতায় এসব উদ্ভাবন কাজ করবে।

সফোস জানায়, এআই প্রযুক্তি একদিকে যেমন সাধারণ ব্যবহারকারী, ক্লাউড সেবা ও অ্যাপ্লিকেশনের মধ্যে যোগাযোগ ও ট্রাফিকের পরিমাণ বহু গুণ বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে সাইবার অপরাধীরাও এআই ব্যবহার করে নজরদারি, তথ্য চুরি এবং সিস্টেমের দুর্বলতা শনাক্তকরণের গতি বৃদ্ধি করেছে। সফোসের প্রকাশিত 'স্টেট অব র‍্যানসমওয়্যার ২০২৬' প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৬১ শতাংশ র‍্যানসমওয়্যার আক্রমণের ক্ষেত্রে তথ্য এনক্রিপ্ট বা লক হওয়ার আগেই নেটওয়ার্ক ফায়ারওয়াল প্রথম সতর্কবার্তা তৈরি করেছে। এই প্রাথমিক সংকেত তাৎক্ষণিকভাবে অন্যান্য নিরাপত্তা স্তরে ছড়িয়ে দিয়ে সমন্বিতভাবে আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়।

নতুন সফোস ফায়ারওয়াল ভি২৩ সংস্করণে নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থাপনা, অটোমেশন এবং স্কেলেবিলিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এটি সফোস এআই ডিফেন্সের সাথে যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক এআই টুলের ব্যবহার ও নীতিমালা কঠোরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবে। পাশাপাশি এতে যুক্ত নতুন ‘এআই অ্যাসিস্ট্যান্ট’ নেটওয়ার্ক প্রশাসকদের নিরাপত্তা কনফিগারেশন বুঝতে এবং ফায়ারওয়ালের নিয়ম (রুলস) স্বয়ংক্রিয়ভাবে তৈরিতে সহায়তা করবে। একই সাথে নতুন আর্কিটেকচার ৪ গুণ পর্যন্ত উচ্চ সুরক্ষিত ডেটা থ্রুপুট সরবরাহ করতে সক্ষম।

নেটওয়ার্কের স্থিতিশীলতা রক্ষায় এতে ‘হার্ডওয়্যার-অ্যাওয়ার হাই অ্যাভেইলেবিলিটি’ যুক্ত করা হয়েছে, যা আগের চেয়ে ১৩ গুণ দ্রুত সিস্টেমের ত্রুটি বা ফেইলওভার শনাক্ত করতে পারে। ফলে ফেইলওভার শনাক্তকরণের সময়সীমা চার সেকেন্ড থেকে কমে মাত্র ৩০০ মিলিসেকেন্ডে নেমে এসেছে। সফোস ফায়ারওয়াল, এনডিআর, ওয়ার্কস্পেস প্রোটেকশন, ওয়্যারলেস এবং সুইচের সমন্বয়ে 'সফোস ফিউশন' প্ল্যাটফর্ম সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে একটি নিশ্ছিদ্র ও স্বয়ংক্রিয় সাইবার সুরক্ষা নিশ্চিত করবে।

//ডিবিটেক/এসজিএ/এসএমপি/এমভিএনও//