স্থাপত্যে নতুন দিগন্ত

১২ নভেম্বর বঙ্গীয় বদ্বীপের স্থাপত্য উৎসব

  • গতিশীল বদ্বীপের ঐতিহ্য ধারণ করে ডেল্টা অ্যাওয়ার্ডের যাত্রা শুরু
  • আইসিসিবিতে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে স্থপতি ও প্রকল্পসমূহকে সম্মাননা প্রদান
  • তিন দিনব্যাপী ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের শুভ সূচনা

১২ নভেম্বর বঙ্গীয় বদ্বীপের স্থাপত্য উৎসব
১০ নভেম্বর, ২০২৬ ২৩:০৮  

নদীবিধৌত প্রবহমান বঙ্গীয় বদ্বীপের গতিশীলতা, ভৌগোলিক বৈচিত্র্য ও জীবনযাত্রাকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। বঙ্গীয় বদ্বীপের পলিমাটির মতো উর্বর সৃজনশীলতা, উদ্ভাবনী স্থাপত্যচর্চা, জলবায়ু-সহনশীল টেকসই নকশা ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করাই এ অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য।

১০ নভেম্বর, মঙ্গলবার  রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২ নম্বর হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে নির্বাচিত স্থাপত্য প্রকল্প ও স্থপতিদের পুরস্কার ও স্বীকৃতি প্রদান করা হয়।

ডেল্টা অ্যাওয়ার্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন স্থপতি ড. নবনীতা ইসলাম। বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্থপতি সাইফ উল হক, ড. ফেরদৌস আজিম, অধ্যাপক স্থপতি রফিক আজম, স্থপতি এহসান খান এবং সুইজারল্যান্ডের স্থপতি নিকলাউস গ্রাবের।

তাদের রায়ে ডেল্টা অ্যাওয়ার্ডের ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ বিভাগে জুবায়ের হাসান আর্কিটেক্টসের ‘কবিতা কুঞ্জ’ ও পারসিভের ‘রূপগাঁও’ বিজয়ী হয়েছে এবং রুফলাইনার্স_স্টুডিও অব আর্কিটেকচারের ‘ইন্টারিম হাউস’ প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে।

 ‘কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট’ বিভাগে ইন্ডিজিনিয়াসের ‘মীর মঞ্জিল’ এবং ফর্ম.থ্রি আর্কিটেক্টসের ‘চকবাজার পাবলিক স্পেসেস অ্যান্ড পার্ক’ বিজয়ী হয়েছে; যেখানে স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া এ প্রকল্পের স্থপতি হিসেবে স্বীকৃতি পান।

এ বিভাগে এটেলিয়ার রবিন আর্কিটেক্টসের ‘এআরএ’স অফিস, হাজারীবাগ’, ‘স্থা-কালপা আর্কিটেক্টস’-এর ‘স্থা-কালপা অফিস’, ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের ‘আল ফালাহ জামে মসজিদ’ এবং তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের ‘রাজউক কাঁচা বাজার’ প্রশংসাসূচক স্বীকৃতি লাভ করে। এছাড়া ‘ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া এবং অসামান্য অবদানের জন্য ‘ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয় প্রয়াত বরেণ্য স্থপতি রাজিউল আহসান খন্দকারকে।

স্থাপত্যবিষয়ক গবেষণা ও প্রকাশনার জন্য ‘ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড’ বিভাগে মাহমুদুল আনোয়ার রিয়াদ, ড. শেখ সেরাজুল হাকিম ও আইদা হাসানের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে বিজয়ী হয়েছেন স্থপতি ড. আদনান জিল্লুর মোরশেদ (গ্রন্থ: Shamsul Wares: An Architecture of Elemental Modernism)।

প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছেন স্থপতি ড. মাহবুবুর রহমান (গ্রন্থ: OLD BUT NEW : NEW BUT OLD) এবং স্থপতি ড. ক্যাথরিন ডেইজি গোমেস (গ্রন্থ: Disaster Resilient Modular CORE Shelters of Ethnic Communities in the Chittagong Hill Tracts Area)।

এ আয়োজনের অংশ হিসেবে ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজের দিকনির্দেশনায় অনুষ্ঠিত হবে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’।

তিন দিনব্যাপী এই উৎসবে মাস্টারক্লাস পরিচালনা করবেন ড. সাজিদ বিন দোজা, আসিফ সালমান ও ওয়াকিলুর রহমান। ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ পর্বে অংশ নেবেন ডিডব্লিউএম৪ আর্কিটেক্টস, ফ্রেমওয়ার্ক, এহসান খান আর্কিটেক্টস লিমিটেড ও নকশাবিদ আর্কিটেক্টস-এর প্রখ্যাত স্থপতিরা। আর্কিকানেক্ট ও সেমস-গ্লোবালের যৌথ আয়োজনে ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-কে হোস্ট প্ল্যাটফর্ম এবং আইএফসি-কে কৌশলগত অংশীদার করে অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে।

//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//