হামলার পর ফেসবুকে ক্ষোভ নুসরাতের

পোড়া দাদাবাড়ি, ছাগলছানার ছবি দিয়ে নুসরাতের পোস্ট

  • কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাতের বাড়িতে হামলা
  • আগুনে পুড়েছে ঘর, মারা গেছে ছাগলের বাচ্চা
  • হামলার জন্য আওয়ামী লীগের দুর্বৃত্তদের দায়ী করছে এনসিপি

পোড়া দাদাবাড়ি, ছাগলছানার ছবি দিয়ে নুসরাতের পোস্ট
১২ নভেম্বর, ২০২৬ ০৮:৫২  

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

আগুনে পুড়ে যাওয়া দাদাবাড়ি এবং মারা যাওয়া একটি ছাগলের বাচ্চার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে ক্ষোভ জানিয়েছেন তিনি।

অন্যদিকে পুলিশ বলছে, আগুন দেওয়া ঘরটি ছিল গরু রাখার জন্য ব্যবহৃত। প্রতিবেশীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং গরুগুলো নিরাপদে বের করা হয়।

১২ নভেম্বর, বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম পুড়ে যাওয়া বাড়ি ও ছাগলের বাচ্চার ছবি প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, “আমার দাদার বানানো বাড়ি ঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা। আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিলো!”
তিনি আরও লেখেন, “যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কী আর করবে!”

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আরেকটি পোস্টে বাড়িতে হামলার খবর জানান নুসরাত।

সেখানে তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।”

পুলিশের ভাষ্য, বড় ক্ষয়ক্ষতি হয়নি
ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, যে ঘরে আগুন দেওয়া হয়েছে সেটি গরু রাখার একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি জানান, প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ওই ঘরে থাকা গরুগুলোকে নিরাপদে বের করে নেওয়া হয়েছে।

এনসিপির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
এদিকে, বুধবার রাতে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো অপরাধী শনাক্তের তথ্য দেওয়া হয়নি।
//ডিবিটেক/এমসিআর/বিডিই/এফওই//