ট্রেন্ডস বার্ডের সঙ্গে কৌশলগত চুক্তি

ইআরপি সফটওয়্যারে যুক্ত হচ্ছে ইস্ট ওয়েস্টের কার্যক্রম

  • ইস্ট ওয়েস্ট কেমিক্যালসের জন্য কাস্টমাইজড ইআরপি তৈরি করবে ট্রেন্ডস বার্ড
  • ১০টি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম যুক্ত হবে এক প্ল্যাটফর্মে
  • ৩০০টির বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজের অভিজ্ঞতা ট্রেন্ডস বার্ডের

ইআরপি সফটওয়্যারে যুক্ত হচ্ছে ইস্ট ওয়েস্টের কার্যক্রম
১১ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯  

আমদানি, ঋণপত্র (এলসি), মজুত, উৎপাদনের ব্যাচ ও মেয়াদ ব্যবস্থাপনা থেকে শুরু করে বিক্রয়, বিতরণ, অর্থ ও হিসাব এবং মানবসম্পদ ব্যবস্থাপনা—প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নিয়েছে ইস্ট ওয়েস্ট কেমিক্যালস লিমিটেড (ইডব্লিউসিএল)। এ লক্ষ্যে কাস্টমাইজড এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার তৈরি ও বাস্তবায়নে কৌশলগত সহযোগিতায় যুক্ত হয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ট্রেন্ডস বার্ড লিমিটেড (টিবিএল) এবং ইস্ট ওয়েস্ট কেমিক্যালস লিমিটেড।

১১ নভেম্বর, বুধবার প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে তারা। এর মধ্য দিয়ে ইডব্লিউসিএলের পরিচালন, বাণিজ্যিক, আর্থিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রমকে একটি সমন্বিত সফটওয়্যার ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ শুরু হলো।

সমঝোতা অনুযায়ী, ট্রেন্ডস বার্ড লিমিটেড ইস্ট ওয়েস্ট কেমিক্যালসের ব্যবসায়িক প্রয়োজন বিবেচনায় কাস্টমাইজড ইআরপি সিস্টেমের নকশা তৈরি, সফটওয়্যার উন্নয়ন, বাস্তবায়ন ও স্থাপনের দায়িত্ব পালন করবে। প্রকল্পের আওতায় সিস্টেমটি তৈরি ও চালুর পর ইস্ট ওয়েস্ট কেমিক্যালসের কাছে হস্তান্তরও করবে প্রতিষ্ঠানটি।

নতুন ইআরপি ব্যবস্থার মাধ্যমে ইডব্লিউসিএলের প্রধান পরিচালন, বাণিজ্যিক, আর্থিক ও ব্যবস্থাপনাগত প্রক্রিয়াগুলো একটি প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে। বর্তমানে পৃথক পদ্ধতিতে পরিচালিত বিভিন্ন কার্যক্রমকে একটি সমন্বিত ও তথ্যনির্ভর ব্যবস্থায় রূপান্তর করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রস্তাবিত সফটওয়্যারে প্রতিষ্ঠানের ক্রয় ও মজুত ব্যবস্থাপনা, আমদানি এবং ঋণপত্রসংক্রান্ত (এলসি) কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, উৎপাদনের ব্যাচ ও মেয়াদ ব্যবস্থাপনা, ডিপো পরিচালনা এবং বিতরণ কার্যক্রমও একই ব্যবস্থার আওতায় আসবে।

এ ছাড়া বিক্রয়, পণ্য সরবরাহ ও অর্থ আদায়, অর্থ ও হিসাবরক্ষণ, নিরীক্ষা এবং ব্যবস্থাপনাগত নিয়ন্ত্রণের কাজও পরিচালিত হবে এই সফটওয়্যারের মাধ্যমে। মানবসম্পদ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের কর্মীদের কার্যক্রম সমন্বয় ও তদারকির ব্যবস্থাও এতে যুক্ত করা হবে।

ব্যবসার বিভিন্ন বিভাগের তথ্য একটি প্ল্যাটফর্মে সংযুক্ত হলে তথ্য আদান-প্রদান ও কার্যক্রমের সমন্বয় সহজ হবে। একই সঙ্গে ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়বে। পৃথক সফটওয়্যার ও বিচ্ছিন্ন কার্যপদ্ধতির ওপর নির্ভরতা কমিয়ে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমকে আরও সমন্বিত ও তথ্যনির্ভর করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ট্রেন্ডস বার্ড ও ইস্ট ওয়েস্ট কেমিক্যালসের এই সহযোগিতা দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ইডব্লিউসিএলের ডিজিটাল সক্ষমতা জোরদারের অভিন্ন লক্ষ্যকে প্রতিফলিত করছে।

//ডিবিটেক/এসআরবি/এসএমই/এমএসআই//