ঢাকায় প্রকল্পের কর্মশালা

ভুট্টায় আফলাটক্সিন নিয়ন্ত্রণে জৈবপ্রযুক্তির উদ্যোগ

  • ভুট্টায় বিষাক্ত আফলাটক্সিন কমাতে জৈব নিয়ন্ত্রণ প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ
  • স্থানীয় বিষমুক্ত ছত্রাকের মাধ্যমে টক্সিন উৎপাদনকারী ছত্রাক দমনের কৌশল তুলে ধরা হয়
  • মাঠপর্যায়ে প্রয়োগ, এআই পরামর্শব্যবস্থা ও পণ্য বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনা

ভুট্টায় আফলাটক্সিন নিয়ন্ত্রণে জৈবপ্রযুক্তির উদ্যোগ
৯ নভেম্বর, ২০২৬ ১৯:৩৪  

ভুট্টায় আফলাটক্সিন দূষণ কমিয়ে খাদ্য ও পশুখাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জৈব নিয়ন্ত্রণ প্রযুক্তির মাঠপর্যায়ে প্রয়োগ ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো। এ প্রযুক্তির কার্যকারিতা যাচাই, কৃষকের মাঠে প্রয়োগ এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের পথ তৈরি করতে ৯ নভেম্বর, সোমবার ঢাকায় বিশেষ কর্মশালা শুরু হয়েছে।

‘বাংলাদেশের নির্বাচিত ভুট্টা উৎপাদন এলাকায় প্রস্তুতকৃত আফলাটক্সিন জৈব নিয়ন্ত্রণ পণ্যের মাঠপর্যায়ের প্রয়োগ যাচাই ও সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালাটি রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ এবং সিমিট বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে খাদ্য নিরাপত্তা উন্নয়নে ‘হারনেসিং কর্ন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর ইমপ্রুভিং ফুড সিকিউরিটি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ বৈশ্বিক উদ্যোগের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় খাদ্য নিরাপত্তা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডব্লিউএমআরআই) মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) খাদ্যশিল্প ও উৎপাদন বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি। স্বাগত বক্তব্য দেন সিমিট বাংলাদেশের গবেষণা সহযোগী মো. হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মঞ্জুরুল কাদির নিরাপদ খাদ্য ও পশুখাদ্য নিশ্চিত করতে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বাংলাদেশে ভুট্টার উৎপাদন বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে আফলাটক্সিন দূষণ মোকাবিলায় কার্যকর জৈব নিয়ন্ত্রণব্যবস্থা এবং শক্তিশালী নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম। তিনি আফলাটক্সিন দূষণ মোকাবিলায় স্থানীয় বিষমুক্ত অ্যাসপারজিলাস ফ্লাভাস ছত্রাকের স্ট্রেইন ব্যবহারের পদ্ধতি তুলে ধরেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, এসব বিষমুক্ত স্ট্রেইন মাঠপর্যায়ে টক্সিন উৎপাদনকারী ছত্রাকের বিস্তার ও কার্যক্রম দমন করতে পারে। এতে খাদ্য ও পশুখাদ্যে আফলাটক্সিন দূষণ কমানো সম্ভব।

কারিগরি অধিবেশনে সিমিট, বাকৃবি, ডিএই ও বিএফএসএর বিশেষজ্ঞরা ঝুঁকি পূর্বাভাস মডেল, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরামর্শব্যবস্থা, মাঠপর্যায়ে প্রযুক্তির কার্যকারিতা যাচাই, পণ্য নিবন্ধন, বাণিজ্যিকীকরণ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিয়ে উপস্থাপনা দেন।

কারিগরি অধিবেশনে সভাপতিত্ব করেন সিমিট বাংলাদেশের জ্যেষ্ঠ পরামর্শক এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. ওয়াইস কবির।

আলোচনায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, বাজার উন্নয়ন, কৃষকদের প্রণোদনা এবং বৃহৎ পরিসরে মাঠপর্যায়ের প্রদর্শনী আয়োজনের বিষয়গুলোও উঠে আসে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের (এসএসি) পরিচালক ড. মো. গোলাম মাহবুব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষাবিদ, শিল্পপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন।
//ডিবিটেক/এবিএমএইউ/এসএমপি/এমভিএনও//