নিউইয়র্কে পিয়া রেবেলো ব্রিট্টোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা; ইংরেজি দক্ষতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সহায়তার আশ্বাস

এডটেক ও গুগল সংযোগে ইউনিসেফের সাথে ববি হাজ্জাজের বৈঠক

  • প্রাথমিক শিক্ষায় এডটেক (EdTech), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইংরেজি ভাষা দক্ষতা এবং গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সংযোগ ঘটানোর বিষয়ে আলোচনা।
  • প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে ইউনিসেফের কারিগরি সহায়তা ও বৈশ্বিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি।
  • জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সাইডলাইনে মানবসম্পদ ও যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক উচ্চপর্যায়ের গোলটেবিল

এডটেক ও গুগল সংযোগে ইউনিসেফের সাথে ববি হাজ্জাজের বৈঠক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০  

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গুণগত মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ২৫ সেপ্টেম্বর, ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউনাইটেড নেশনস প্লাজায় ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টোর সাথে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ২৬ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার ঢাকায় মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রাথমিক স্তরে এডুকেশন টেকনোলজি (এডটেক)-এর কার্যকর প্রয়োগ, কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই ইংরেজি ভাষায় পারদর্শিতা বৃদ্ধি, পাঠ্যক্রমে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক শিক্ষা-উপকরণের সমন্বয় এবং বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন রূপরেখা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের প্রাথমিক শিক্ষার্থীদের পাঠগ্রহণের সুযোগকে বহুগুণ সম্প্রসারিত করা সম্ভব। বিশেষ করে ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তি ও এআই-চালিত টুলস শিশুদের ভাষা শিক্ষা এবং অন্যান্য মৌলিক বুদ্ধিবৃত্তিক সক্ষমতা তৈরিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বৈঠকে বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে বাংলাদেশের শিক্ষা অবকাঠামোর প্রযুক্তিগত সংযোগ ও কারিগরি সহায়তার সম্ভাব্যতা নিয়েও পারস্পরিক মতামত বিনিময় করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসকদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

শারীরিক বা অন্যান্য যেকোনো প্রতিবন্ধকতার কারণে দেশের কোনো শিশুই যেন মৌলিক ও মানসম্মত শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে একটি সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টো বাংলাদেশের গৃহীত উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে প্রযুক্তিগত সহায়তা, গুগল সংযোগ ও বৈশ্বিক অংশীদারিত্ব তৈরিতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক এ বৈঠকের পর প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইউএন প্লাজার ইউনিসেফ হাউজে আয়োজিত ‘স্কিলস ফর ব্রাইটার ফিউচারস: ইনভেস্টিং ইন হিউম্যান ক্যাপিটাল ফর ইয়ুথ অন দ্য মুভ’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনায় অংশ নেন। সেখানে তিনি বিশ্ব কর্মবাজারের দ্রুত পরিবর্তনশীল চাহিদার সঙ্গে মিল রেখে তরুণদের মানবসম্পদে রূপান্তর করার তাগিদ দেন এবং শিশুদের ভবিষ্যৎ পৃথিবীর জন্য প্রস্তুত করতে তৃণমূল প্রাথমিক পর্যায় থেকেই টেকসই প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করেন।

//ডিবিটেক/ টিএইচপি/এসএমই/বিটুপি//