উপাচার্যের রুটিন দায়িত্বে অনীহা ডিনের
চুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা
- এক দিনের শাটডাউন শেষে মঙ্গলবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা
- প্রশাসনিক ভবন এখনো তালাবদ্ধ, স্বাভাবিক হয়নি বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম
- উপাচার্যের রুটিন দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন অধ্যাপক আবু কাউছার
এক দিনের শাটডাউন শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে আবারও ক্লাসে ফিরছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে শিক্ষা কার্যক্রম আংশিক স্বাভাবিক হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এখনো তালাবদ্ধ রয়েছে। এর মধ্যে উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালনের জন্য মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার সেই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
মঙ্গলবার ই-মেইল বার্তায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম তাকে রুটিন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানান। দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করার কারণে নিজের অনুপস্থিতিতে অধ্যাপক কাউছারকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘দাপ্তরিক কাজে আমি ঢাকায় অবস্থান করব। এমতাবস্থায় আমার অনুপস্থিতিতে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার রুটিন দায়িত্ব পালন করবেন।’
তবে এ দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করে এ দায়িত্ব দেওয়া হয়নি। উনি (উপাচার্য) নিজে থেকে একটা ইমেইল লিখলেই কী আমি এ দায়িত্ব পালন করব? আমি উনাকে মুঠোফোনে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছি, প্রত্যাখ্যান করেছি। আমি উনাকে বলেছি, দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন। আমি এসবে নেই।’
এর আগে রবিবার দুপুরে ই-মেইল বার্তায় এক দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ওই বার্তায় জানান, ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়। ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনের দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফেরায় পরে অধ্যাপক আবু কাউছারকে রুটিন দায়িত্ব দেওয়া হয়।
এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ২৮ অক্টোবর আংশিকভাবে ক্লাস শুরু করার পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এরপর তিন দিন স্বাভাবিক কার্যক্রম চলার পর সোমবার আবারও ক্লাস-পরীক্ষা বর্জন করেন আন্দোলনকারীরা। এক দিন শাটডাউন পালনের পর মঙ্গলবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
//ডিবিটেক/সিআরএইচ/এসএমই/এমভিএনও//





