যৌথ গবেষণা ও শিক্ষা বিনিময়ে নতুন দিগন্ত

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার পাডাং বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ফ্রন্ট্রিয়ার সেতু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর মধ্যে শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সমঝোতা স্মারক (MoU) সই

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার পাডাং বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ফ্রন্ট্রিয়ার সেতু
২৩ জুলাই, ২০২৬ ১৮:৪৮  

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে ২২ জুলাই, বুধবার যেন বয়ে গেল আন্তর্জাতিক শিক্ষার এক নবতর হাওয়া। বৈশ্বিক জ্ঞানচর্চা ও দক্ষিণ-পূর্ব এশীয় উচ্চশিক্ষার সংযোগ বাড়াতে ইন্দোনেশিয়ার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটাস নেগেরি পাডাং (Universitas Negeri Padang)-এর সাথে আনুষ্ঠানিকভাবে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে পবিপ্রবি। ২৩ জুলাই, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আন্তর্জাতিক একাডেমিক মেলবন্ধনের বার্তা নিশ্চিত করা হয়।

সমঝোতা স্মারক আনুষ্ঠানিকতার পরপরই উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে পবিপ্রবির 'অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স'-এর তত্ত্বাবধানে আয়োজন করা হয় "উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা" শীর্ষক একটি তথ্যবহুল আন্তর্জাতিক সেমিনার। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষারের প্রাণবন্ত সঞ্চালনা এবং রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে দুই দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার নতুন পথরেখা নিয়ে গভীর আলোচনা হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক এই অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, "আজকের এই এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে দুই মহতী প্রতিষ্ঠানের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক আদান-প্রদান এবং যৌথ জ্ঞানচর্চার মধ্য দিয়ে ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয়ই দারুণভাবে লাভবান হবে বলে আমি শতভাগ আশাবাদী।"

অন্যদিকে, বৈশ্বিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক গবেষণার ওপর জোর দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি উল্লেখ করেন, "ভবিষ্যতে এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়মিত বিনিময় কর্মসূচির (Exchange Program) মাধ্যমে প্রযুক্তি, বিজ্ঞান ও কৃষিভিত্তিক গবেষণার গতি বহুগুণ বৃদ্ধি পাবে এবং যৌথ উদ্ভাবনের এক অনন্য সুযোগ তৈরি হবে।"

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে পবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং ইন্দোনেশীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে এগ্রো-ইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে অংশ নেন ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর বিশিষ্ট গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা।

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই যৌথ উদ্যোগকে ঘিরে পবিপ্রবি প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবমুখর আমেজ। উক্ত সেমিনারে পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর, জ্যেষ্ঠ অধ্যাপক, বিভিন্ন দপ্তরের পরিচালক, বহুসংখ্যক শিক্ষার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। একাডেমিক বিশ্লেষকদের মতে, এই আন্তর্জাতিক ফ্রন্ট্রিয়ার সমঝোতা কেবল দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্বই কমাবে না, বরং পরিবেশ, কৃষি ও প্রযুক্তি গবেষণায় বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক দরবারে আরও শক্তভাবে তুলে ধরবে।
//ডিবিটেক/এফআই/এমআইএস//