অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে চলছে গ্রাফিতি অঙ্কন; বিকাল ৪টায় প্রেস ব্রিফিংয়ের ঘোষণা

চুয়েটে নতুন ভিসির প্রতিরোধে ফটক পাহারা শিক্ষার্থীদের, আজ লাল কার্ড প্রদর্শন কর্মসূচি

  • কুয়েট অধ্যাপক শেখ শরীফুল আলমের আগমন ঠেকাতে শুক্রবার দিবাগত রাত থেকেই চুয়েটের প্রধান ফটক পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা
  • সদ্য সাবেক উপাচার্য ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে বহালের দাবিতে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে চলছে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন
  • নতুন ভিসির গণমাধ্যমে দেওয়া ‘৩০-৩৫ জন শিক্ষার্থী ছিল’ বক্তব্যের প্রতিবাদে দুপুর দেড়টায় লাল কার্ড প্রদর্শন, বিক্ষোভ মিছিল এবং বিকাল ৪টায় প্রেস ব

চুয়েটে নতুন ভিসির প্রতিরোধে ফটক পাহারা শিক্ষার্থীদের, আজ লাল কার্ড প্রদর্শন কর্মসূচি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৩  

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের আগমন প্রতিহত করতে এবং সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। নতুন উপাচার্যের সম্ভাব্য ক্যাম্পাসে আসার গুঞ্জনে ২৫ সেপ্টেম্বর, শুক্রবার দিবাগত রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে পাহারা বসিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

২৬ সেপ্টেম্বর, শনিবার সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে প্রতিবাদী আবহ বিরাজ করছে। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর ও অ্যাকাডেমিক ভবনের দেয়ালে দেয়ালে প্রতিবাদী স্লোগান ও ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকা শুরু করেন শিক্ষার্থীরা। গ্রাফিতির মাধ্যমে তারা উপাচার্য পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার এবং অধ্যাপক ড. সায়েমকে বহাল রাখার জোর দাবি জানান।

এর আগে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চলমান আন্দোলনকে ‘ক্ষুদ্র’ আখ্যা দিয়ে দাবি করেছিলেন যে ক্যাম্পাসে মাত্র ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তালা খুলে দিয়ে তাকে বরণ করার প্রস্তুতি চলছে। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা আজ দুপুর দেড়টায় নতুন উপাচার্যকে লক্ষ্য করে ‘লাল কার্ড প্রদর্শন’ ও ক্যাম্পাসে এক বিশাল বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন। এছাড়া সার্বিক আন্দোলন ও পরবর্তী করণীয় নিয়ে আজ বিকাল ৪টায় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের (প্রেস ব্রিফিং) ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সরকার চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের ইটিই বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই উত্তাল হয়ে ওঠে চুয়েট। ওই রাতেই নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে মধ্যরাতে মিছিল ও ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর রাতে জুম সভার মাধ্যমে অধ্যাপক সায়েমকে স্বপদে বহালের দাবিতে জরুরি সেবা ছাড়া ক্যাম্পাসে সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয় চুয়েট শিক্ষক সমিতি, যার প্রতি সংহতি জানায় অফিসার্স ও কর্মচারী সমিতিও। শিক্ষক-কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি এবং শিক্ষার্থীদের প্রধান ফটক অবরোধের মুখে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে সশরীরে যোগদানের বিষয়টি ঘিরে চুয়েটে চরম প্রশাসনিক অচলাবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।

//ডিবিটেক/এমটিএ/এসএমপি/বিটুপি//