চুয়েট শিক্ষার্থীদের তৈরি গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনে বিসিবি পরিচালক

চুয়েটে গো-কার্ট ও রোভার প্রদর্শনী

  • চুয়েট শিক্ষার্থীদের তৈরি গো-কার্ট ও মার্স রোভারের সমন্বিত প্রদর্শনী অনুষ্ঠিত
  • বিসিবি পরিচালক ইসরাফিল খসরু প্রদর্শনী ঘুরে দেখেন ও সহযোগিতার আশ্বাস
  • ‘ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৭’ প্রতিযোগিতার ফর্মুলা কার প্রজেক্ট উপস্থাপন

চুয়েটে গো-কার্ট ও রোভার প্রদর্শনী
২২ আগষ্ট, ২০২৬ ১৫:১২  
২২ আগষ্ট, ২০২৬ ১৮:৪৯  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতায় তৈরি ‘গো কার্ট’ এবং ‘মার্স রোভার’-এর এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের মেধা ও কারিগরি দক্ষতার প্রশংসার পাশাপাশি বিশ্বমঞ্চে ফর্মুলা স্টুডেন্ট চায়না (FSAE China) ২০২৭ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য নিয়ে তৈরি ফর্মুলা কার প্রজেক্টের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। অতিথি ইসরাফিল খসরু শিক্ষার্থীদের এই উদ্ভাবনী প্রজেক্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে চুয়েট প্রশাসনের সাথে তাঁর এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

এছাড়াও ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু মোয়াজ্জেম হোসাইন, টিম ব্লিটজারের এডভাইজর ড. আফনান হাসান, মডারেটর আবদুল্লাহ আল রিফাত এবং টিম ব্লিটজারের অধিনায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত তাসনিম সিমি সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
//ডিবিটেক/এআইএম/এমআইএস//