এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত কর্মসূচি
বাকৃবিতে ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা অভিযান
- ডেঙ্গু প্রতিরোধে বাকৃবিতে পরিচ্ছন্নতা কর্মসূচি
- এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সচেতনতা কার্যক্রম
- প্রতি সোমবার নিয়মিত কর্মসূচি চালাবে রোভার স্কাউট
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর, সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করা হয়। নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতন করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
কর্মসূচির আগে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বাকৃবি রোভার স্কাউটের সভাপতি অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোভার স্কাউটের সদস্যরা। এ সময় তাঁকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে প্রধান অতিথি হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করেন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান।
বাকৃবি রোভার স্কাউটের সম্পাদক কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, সহযোগী এডভাইজার অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) ড. মো. নাজমুল হক।
ধ্বংস করা হয় এডিসের সম্ভাব্য প্রজননস্থল
কর্মসূচির অংশ হিসেবে রোভার স্কাউটের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন। একই সঙ্গে জমে থাকা পানি ও অন্যান্য সম্ভাব্য স্থানে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্বও তুলে ধরেন তারা। ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
প্রতি সোমবার চলবে কর্মসূচি
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের রোভার স্কাউট শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাকৃবি রোভার স্কাউটের সাপ্তাহিক ডেন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সোমবার নিয়মিতভাবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে।
এর মাধ্যমে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
//ডিবিটেক/ এএইচবি/ পিএসটি/আইএইচ//





