র্যালি, বৃক্ষরোপণ, সেমিনার ও আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান
মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ, সেমিনার, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশবিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই, ২০২৬), বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
উদ্বোধনের পর ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভাগের সেমিনার কক্ষে পরিবেশবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; এটি বর্তমান বিশ্বের অন্যতম বড় বাস্তবতা। পরিবেশ সংরক্ষণে শুধু সরকারের উদ্যোগ নয়, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণও প্রয়োজন।
তিনি বলেন, একটি গাছ রোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন এবং পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন।
স্বাগত বক্তব্য দেন পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহমুদা বিনতে লতিফ।
সেমিনারে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন গবেষণা ও করণীয় তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
//ডিবিটেক/বিএসএন/ইকে//





