স্মার্টফোন সহজলভ্য করতে পাইলট প্রকল্পের অনুমোদন

  • সুবিধাবঞ্চিত মানুষের জন্য এনওসি পেলো ‘সহজ মোবাইল বিডি’
  • স্মার্টফোন কেনার এককালীন আর্থিক বাধা কমাতেই এই ডিজিটাল সেবা 
  • পাইলট প্রকল্প পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

স্মার্টফোন সহজলভ্য করতে পাইলট প্রকল্পের অনুমোদন
১১ আগষ্ট, ২০২৬ ১২:২৩  


প্রান্তিক, গ্রামীণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর নিকট হার্ডওয়্যার ডিভাইস সহজলভ্য করে ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম ও আর্থিক সেবার আওতায় আনতে ‘সহজ মোবাইল বিডি লিমিটেড’-কে একটি বিশেষ পাইলট কর্মসূচি পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৯ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ নির্দিষ্ট নীতি ও শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটিকে এ সংক্রান্ত অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করে, যা ১১ আগস্ট, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কম আয়ের মানুষের ক্ষেত্রে স্মার্টফোন কেনার এককালীন বড় অর্থ পরিশোধের প্রতিবন্ধকতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), ডিজিটাল পেমেন্ট, অনলাইন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সরকারি ডিজিটাল সার্ভিস, কৃষি ও বাজারের তথ্য, কর্মসংস্থান এবং ক্ষুদ্র ব্যবসার কার্যক্রম পরিচালনায় স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাধ্যম। তবে তুলনামূলক বেশি দামের কারণে একটি বড় অংশ এই সুবিধা থেকে বঞ্চিত ছিল। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ পুরো পাইলট প্রকল্পটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রতিষ্ঠানটি নিয়মিত প্রতিবেদন জমা দেবে।

অনুমোদন পাওয়ার পর সহজ মোবাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নায়েম ফয়েজ বলেন, “এই উদ্যোগের উদ্দেশ্য হলো, আর্থিক সীমাবদ্ধতা যেন কাউকে সুযোগ থেকে বঞ্চিত না করে তা নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পাইলট প্রকল্পটি দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশে ডিজিটাল অংশগ্রহণের বিস্তৃত সুযোগ তৈরি করবে।”

সহজ মোবাইল বিডি লিমিটেডের পরিচালক আবু আল মোতালিব বলেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের সুফল তখনই পূর্ণাঙ্গভাবে অর্জিত হবে, যখন শহরের বাইরে বসবাসকারী ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের পরিবারের সদস্যরাও ডিজিটাল অর্থনীতিতে অংশ নিতে পারবেন। একটি উপযুক্ত স্মার্টফোন মানুষের জন্য ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, শিক্ষা, তথ্য ও ব্যবসার নতুন পথ উন্মোচন করে।”
//ডিবিটেক/ডিআইএন/এমআইএস//