এবার লিনাক্স প্ল্যাটফর্মে এলো চ্যাটজিপিটি ডেস্কটপ সংস্করণ
ওপেন সোর্স ডেভেলপার সম্প্রদায়ের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই অবশেষে লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ডেডিকেটেড চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপ উন্মোচন করেছে। উইন্ডোজ ও ম্যাকচালিত কম্পিউটারে আগেই এই সুবিধা দেওয়া হলেও লিনাক্স ব্যবহারকারীরা এতদিন সরাসরি ডেস্কটপ অ্যাপ ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। নতুন এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের প্রধান সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে চ্যাটজিপিটি ও কোডেক্স ব্যবহারের সুযোগ বিস্তৃত হলো।
প্রাথমিকভাবে প্রিভিউ সংস্করণে বিশ্বজুড়ে প্রকাশিত এই অ্যাপটির মাধ্যমে লিনাক্স ব্যবহারকারীরা চ্যাটজিপিটি, চ্যাটজিপিটি ওয়ার্ক এবং প্রোগ্রামিং সহায়তা সংক্রান্ত বিশেষ প্রযুক্তি কোডেক্স ব্যবহারের সুবিধা পাবেন।
ওপেনএআই জানিয়েছে যে এই অ্যাপটি উবুন্টু ২৪.০৪ ও ২৬.০৪ এলটিএস, ডেবিয়ান ১৩ এবং ফেডোরা ৪৩ ও ৪৪ ডেস্কটপ সংস্করণে সরাসরি কাজ করবে। লিনাক্সের নানা ডিস্ট্রিবিউশন থাকলেও এই মূল ভিত্তিগুলোর ওপর নির্মিত অন্যান্য সহায়ক ফ্লেভার ও ডাউনস্ট্রিম ডিস্ট্রোতেও অ্যাপটি পরিচালনা করা যাবে।
প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের চেয়ে কিছুটা দেরিতে হলেও ওপেনএআই তাদের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা নিয়ে এলো। প্রায় এক মাস আগে অ্যানথ্রোপিক উবুন্টু ২২.০৪ বা তার পরবর্তী এবং ডেবিয়ান ১২ বা তার পরবর্তী সংস্করণের জন্য তাদের ক্লড ডেস্কটপ অ্যাপ লিনাক্সে উন্মোচন করে।
তবে ওপেনএআইয়ের এই নতুন অ্যাপ চালুর মাধ্যমে লিনাক্স ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীদের একই ছাতার নিচে আনা এবং পুরো এআই ইকোসিস্টেমকে সহজলভ্য করা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





