১০০ কোটির নতুন মাইলফলকে গুগলের জেমিনি অ্যাপ

১০০ কোটির নতুন মাইলফলকে গুগলের জেমিনি অ্যাপ
১২ আগষ্ট, ২০২৬ ১৬:৪৯  

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ নিশ্চিত করেছেন যে, কোম্পানির এআই অ্যাপ ‘জেমিনি’ বিশ্বব্যাপী ১০০ কোটি (১ বিলিয়ন) মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে। এটি গুগলের ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ে বৃদ্ধি পাওয়া পণ্য এবং ১০০ কোটি ব্যবহারকারীর অভিজাত ক্লাবে যুক্ত হওয়া গুগলের ১৪তম প্রোডাক্ট। 

চ্যাটজিপিটির সমকক্ষতা ও সার্চ এআই
জেমিনির এই ঝড়ের গতিতে বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ওপেনএআই-এর চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে। চ্যাটজিপিটি গত জুনে ১০০ কোটি ব্যবহারকারীর ক্লাবে প্রবেশ করেছিল। গুগল জেমিনিকে সার্চ, গুগল ওয়ার্কস্পেস এবং অ্যান্ড্রয়েডের সাথে ব্যাপকভাবে যুক্ত করছে। 

উল্লেখ্য, জেমিনি অ্যাপের একক এই মাইলফলক ছাড়াও গুগলের ‘সার্চ এআই মোড’ পৃথকভাবে আরও ১০০ কোটির বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে ব্যবহার করছেন। 

ব্যবহারের ধরন ও নতুন মডেল
জেমিনি অ্যাপে ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণের কিছু উল্লেখযোগ্য তথ্য তুলে ধরেছে গুগল:
•    ভয়েস ফিচারের আধিপত্য: অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৬৩ শতাংশ মানুষ সরাসরি ভয়েসের মাধ্যমে জেমিনির সঙ্গে যোগাযোগ করছেন।
•    ইমেজ তৈরি: জেমিনির মাধ্যমে প্রতিদিন বিশ্বজুড়ে ১৫ কোটিরও (১৫০ মিলিয়ন) বেশি ছবি তৈরি হচ্ছে। 
•    আইওএস ব্যবহারকারী: অ্যান্ড্রয়েড ছাড়াও কেবল অ্যাপলের আইওএস (iOS) প্ল্যাটফর্মেই জেমিনির ১০০ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

প্রযুক্তির বিবর্তনে গুগল কোডিং এবং স্বায়ত্তশাসিত এআই-এজেন্টের কাজ সহজ করতে ‘জেমিনি ৩.৫ ফ্ল্যাশ’ মডেল উন্মোচন করেছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী অ্যাপটির ব্যবহারকারী ছিল ৯৫০ মিলিয়ন, সেখান থেকে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে তা ১০০ কোটিতে পৌঁছায়। 

জানা গেছে, আসন্ন 'মেড বাই গুগল' ইভেন্টে পিক্সেল ডিভাইসের জন্য জেমিনি-চালিত আরও নতুন ফিচারের ঘোষণা আসতে পারে। 

ডিবিটেক/বিএমটি     ।    সূত্র: টেকক্রাঞ্চ