২৩ পদে ১৭ স্বর্ণ পেল তরুণরা

মালয়েশিয়ায় ডব্লিউআইসিই ২০২৬-এ বাংলাদেশের গৌরবময় সাফল্য

  • মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ২৩টি দলেরই পদক জয়
    মালয়েশিয়ায় ডব্লিউআইসিই ২০২৬-এ বাংলাদেশের গৌরবময় সাফল্য
    ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৭  

    মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বখ্যাত ‘World Invention Competition and Exhibition-WICE 2026’-এর আন্তর্জাতিক পর্বে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। 'ড্রিমস অব বাংলাদেশ' (Dreams of Bangladesh - DoB)-এর সার্বিক নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশি ২৩টি দলের প্রতিটিই পদক জয় করার গৌরব অর্জন করেছে। সার্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা ১৭টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক এবং অতিরিক্ত ৫টি বিশেষ সম্মাননা পুরস্কার ছিনিয়ে এনেছে।

    গত ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সফরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিচারক ও সুপারভাইজারসহ মোট ১৪০ জনের একটি শক্তিশালী প্রতিনিধিদল অংশ নেয়। আয়োজক সংস্থা DoB-এর বাইরে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রুয়েট/এমআইএসটিসহ দেশের স্বনামধন্য ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২টি পৃথক সংগঠন—মোট ৩৬টি প্রতিষ্ঠানের সমন্বয়ে এই প্রথম এত বড় পরিসরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হলো। প্রতিযোগিতায় অনলাইন ও অফলাইন মিলে ১৯টি দেশের ২৫৮টি দল সরাসরি উপস্থিত হয়ে মোট ৪১২টি প্রজেক্ট প্রদর্শন করে। এতে প্রতিযোগী দলের পাশাপাশি বাংলাদেশ থেকে ৭ জন আন্তর্জাতিক বিচারকও মূল বিচারকার্যে দায়িত্ব পালন করেন।

    অংশগ্রহণকারী প্রজেক্টগুলোতে মূলত রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্বয়ংক্রিয় পরিবেশ পর্যবেক্ষণ, স্মার্ট কৃষি, অগ্নিনির্বাপণ ও উদ্ধারপ্রযুক্তি এবং বায়ো-প্যাকেজিংভিত্তিক বাস্তবসম্মত সমাধান প্রাধান্য পায়। কৃষিক্ষেত্রে Phantom Forge-এর 'Agri Nexus' ও The Aura Farmers-এর 'Climate Adaptive Smart Farming Robot' বিশেষভাবে প্রশংসিত হয়। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে BOTNIX-এর 'Borewell Rescue Robot', Quantum Spark-এর 'Fire Fighting Robot' এবং SYT Innovators-এর 'AI Military Rover' আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে।

    পরিবেশ ও বায়ো-টেকনোলজিতে Paradox-এর AI পরিবেশ পরিচ্ছন্নতাকারী রোবট, Pharmagradable-এর পচনশীল ওষুধের প্যাকেট এবং RayShield-এর সৌরচালিত মশা প্রতিরোধক ডিভাইস স্বর্ণপদক অর্জন করে। প্রতিযোগিতায় অন্যান্য পদক বিজয়ীদের মধ্যে EcoGuard, Bio_Logik, TerraFusion, FireGuard i.0, Innertia, EcoNexus এবং Eco Warriors স্বর্ণপদক জয় করে। অন্যদিকে InnovAid, SolarEffix, Quantis, Revel, RoboBee Innovators ও Noor Aero Next BD রৌপ্যপদক অর্জন করে। ডব্লিউআইসিই ২০২৬-এর এই অর্জন বৈশ্বিক প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণার অঙ্গনে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বিমুক্ত করল।

    //ডিবিটেক/এসএমই/আইএসপি/এমআইএস//