নিরাপদ ডিজিটাল সমাজ গড়ার উদ্যোগ
ড্যাফোডিলে তরুণদের সাইবার সচেতনতা বিষয়ক কর্মশালা
- ড্যাফোডিলে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সিএওয়াইএম ২০২৬।
- সাইবার অপরাধ ও ফিনটেক স্ক্যাম প্রতিরোধে বিশেষজ্ঞ পরামর্শ।
- ৯০ শিক্ষার্থী ও ২০ শিক্ষকের মধ্যে সনদপত্র বিতরণ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) সাইবার সিকিউরিটি সেন্টারের (CSC) উদ্যোগে এবং সেন্টারের পরিচালক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুবাইয়াত ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “Cyber Awareness for Young Minds (CAYM) 2026”। “Smart, Safe, and Secure: Practical Cybersecurity for School & College Students” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালায় রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মাহিম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৯০ জন শিক্ষার্থী ও ২০ জনের অধিক শিক্ষক অংশ নেন।
ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। এতে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফখরে হোসেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ।
দিনব্যাপী সেশনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা সামাজিক যোগাযোগমাধ্যমের অপরাধ ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে দিকনির্দেশনা দেন। HSBC Bangladesh-এর সাইবার সিকিউরিটি প্রধান মো. সাইফুল ইসলাম রাজীব “Fintech Scam” সেশনে আর্থিক নিরাপত্তা বিষয়ে ধারণা দেন। এছাড়া উদ্যোক্তা এফ. এম. সারওয়ার হোসেন অনলাইন বুলিং ও ফেক নিউজ প্রতিরোধে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের মাঝে A to Z সাইবার পরিভাষার বিশেষ লিফলেট বিতরণ এবং সমাপনীতে অতিথিদের হাত থেকে সনদপত্র প্রদান করা হয়।
//ডিবিটেক/এএইচকে/এসএমই/ এমআইএসটি//





