পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ধনবাড়ীতে বিশাল গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: মন্ত্রী ফকির মাহবুব আনাম
- দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।
- ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল গণমিছিলে দল ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণ।
- প্রধানমন্ত্রী ও সরকারের সুস্পষ্ট অবস্থান তুলে ধরে সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের অঙ্গীকার।
টাঙ্গাইল: দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের কঠোর হাতে দমন করা হবে বলে দ্ব্যর্থহীন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। ২৬ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত এক বিশাল গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা গণতান্ত্রিক ধারাকে অস্বীকার করে সহিংসতার মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, সচেতন জনগণকে সঙ্গে নিয়েই তাদের রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। দেশে সার্বিক শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ জনস্বার্থে কঠোরভাবে গ্রহণ করবে।"
এর আগে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক, ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক এবং স্থানীয় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
গণমিছিল ও সমাবেশে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
//ডিবিটেক/ জেডইউপিআর/ এমআইএসটি/এসওপি//





