তরুণদের প্রযুক্তি ও কারিগরি দক্ষতায় জোর এলজিআরডি মন্ত্রীর

প্রকৌশল দক্ষতায় জাপানের জনবল চাহিদায় বাংলাদেশের সম্ভাবনা

  • জাপানের তরুণ ও কর্মক্ষম জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী।
  • কনস্ট্রাকশনসহ বিভিন্ন খাতে বাংলাদেশি তরুণদের প্রকৌশল, প্রযুক্তি ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
  • জাপানি ভাষা শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগের কথা জানিয়েছেন মন্ত্রী।

প্রকৌশল দক্ষতায় জাপানের জনবল চাহিদায় বাংলাদেশের সম্ভাবনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৬  

প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি দক্ষতাসম্পন্ন তরুণ জনশক্তির মাধ্যমে জাপানের ক্রমবর্ধমান কর্মী চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাপান-বাংলাদেশ পার্টনারশিপ সেমিনার ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, বিপরীতে বাংলাদেশে তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি। এই জনমিতিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের জাপানের বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। বিশেষ করে প্রকৌশল, নির্মাণ, প্রযুক্তি ও কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি এ সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান এবং জাপানের জনবল চাহিদা—দুই দিক থেকেই এ সহযোগিতা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা জাপানে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেলে তাদের জীবনমান উন্নত হবে। একই সঙ্গে জাপানের সেবা খাতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

জাপানে কর্মসংস্থানের জন্য ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, তরুণদের জাপানি ভাষায় দক্ষ করে তুলতে হবে। প্রয়োজনে জাপানি ভাষা শিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সেমিনারে জাপানের প্রতিনিধিরা জানান, জাপানে বাংলাদেশের মতো বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী নেই। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি এবং নির্মাণ, কৃষি, ড্রাইভিং ও নার্সিংসহ বিভিন্ন খাতে জনবলের ঘাটতি রয়েছে। এসব খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নেওয়ার সুযোগ রয়েছে।
তারা জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি তরুণদের জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি সক্ষমতা বাড়িয়ে দক্ষ জনশক্তি হিসেবে জাপানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ রয়েছে বলে সেমিনারে উঠে আসে।
//ডিবিটেক/ এইচএমসি/ এসএমই/বিটুপি//