উপাচার্যের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান, পঞ্চম দিনে আন্দোলন

অনলাইন ভিসিকে লাল কার্ড দেখাল চুয়েট শিক্ষার্থীরা

  • নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদানের প্রতিবাদে ‘রেড কার্ড’ কর্মসূচি পালন করেছেন চুয়েট শিক্ষার্থীরা।
  • শনিবার মেডিকেল সেন্টারের সামনে থেকে লাল কার্ড হাতে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।
  • নতুন উপাচার্যের বক্তব্য ও অনলাইনে যোগদান দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

অনলাইন ভিসিকে লাল কার্ড দেখাল চুয়েট শিক্ষার্থীরা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২১  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে ‘রেড কার্ড’ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, আন্দোলনের পঞ্চম দিনে এ কর্মসূচি পালন করা হয়।

দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনের সড়কে কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা হাতে লাল কার্ড প্রদর্শন করে নতুন উপাচার্যের অনলাইনে যোগদানের প্রতিবাদ জানান।

পরে লাল কার্ড হাতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘অনলাইন ভিসি রেড কার্ড, রেড কার্ড রেড কার্ড’, ‘মানি না, মানি না, অনলাইন ভিসি মানি না’, ‘প্রত্যাখ্যান প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’ এবং ‘উই ওয়ান্ট সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, “ইতোমধ্যে আমরা দেখেছি ৫৬ দিনে সায়েম স্যার শিক্ষার্থীবান্ধব তার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে চুয়েটকে আধুনিকায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। নতুন উপাচার্য হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি তার বক্তব্যে আমাদের এই আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন। অথচ আমরা প্রত্যেক হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছি। তার এই নিন্দনীয় বক্তব্য ও অনলাইনে যোগদানকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”

এর আগে নতুন উপাচার্যের যোগদান ঠেকাতে শুক্রবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। শনিবার সকালেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী কর্মসূচি পালন করেন তারা।

//ডিবিটেক/তানভির আহমদ/এসএমপি/বিটুপি//