ইনফিনিক্সের নতুন ৫জি ফোন হট ৭০ প্রো
- ডাইমেনসিটি ৭১০০ চিপসেট ও ১৪৪ হার্টজ ডিসপ্লে
- ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা ও এআই ফিচার
- ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, দাম ৩৬,৯৯৯ টাকা
বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাস্টার ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ এনেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। শক্তিশালী ৫জি কানেক্টিভিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, সনির উন্নত ক্যামেরা প্রযুক্তি, নতুন ডিজাইন ও টেকসই নির্মাণের পাশাপাশি ফোনটিতে রয়েছে এআই-ভিত্তিক একাধিক স্মার্ট ফিচার।
১২ আগস্ট, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমে বাজারে আসা ‘হট ৭০ প্রো ৫জি’তে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন ও ব্যাটারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দ্রুতগতির পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। দীর্ঘদিন পারফরম্যান্স দ্রুত ও স্মুথ রাখতে রয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি প্রযুক্তি। ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যা গেমিং ও ভিজ্যুয়াল কনটেন্ট ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা দেওয়ার কথা বলছে প্রতিষ্ঠানটি।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরযুক্ত অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। উন্নত ছবি তোলার পাশাপাশি এতে এআই র (এআই RAW) ও লাইভ ফটো ফিচার রয়েছে।
ডিজাইনেও নতুনত্ব এনেছে ইনফিনিক্স। ‘ডায়নামিক শাইন ডিজাইন’-এর ছয়টি রঙের সংস্করণ আলো, তাপমাত্রা বা দেখার কোণ পরিবর্তনের সঙ্গে ভিন্ন ভিন্ন দৃশ্যমানতা তৈরি করে।
থার্মো অরেঞ্জ সংস্করণ তাপমাত্রার সঙ্গে রং পরিবর্তন করে। মিরেজ গ্রিন সংস্করণে অতিবেগুনি রশ্মির আলোতে ভিন্ন ধরনের টেক্সচার দেখা যায়। ডেপথ রিং হোয়াইট মডেলে রয়েছে ত্রিমাত্রিক ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব সংস্করণে রয়েছে ইন্টার্যাকটিভ ব্যাক প্যানেল।
টেকসই ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষা এবং এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স। ফলে দেড় মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। দীর্ঘ সময় ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ব্যাটারির ওপর চাপ কমাতে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা।
স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করতে এতে যুক্ত করা হয়েছে একাধিক এআই ফিচার। ফ্ল্যাশমেমো ও মাইন্ডহাবের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে পরে এআই সার্চ ব্যবহার করে তা খুঁজে বের করা যাবে।
এ ছাড়া রয়েছে এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট এবং এআই থিম জেনারেটর। এসব ফিচারে দ্রুত প্রবেশের জন্য ফোনটিতে আলাদা ‘ওয়ান-ট্যাপ বাটন’ দেওয়া হয়েছে।
ফোনটি ৮ জিবি র্যাম, অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ‘হট ৭০ প্রো ৫জি’র অফিশিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।
//ডিবিটেক/ইএইচএম/এসএমই//





