আবু ধাবিতে চালকবিহীন রোবোট্যাক্সি চালু

আবু ধাবিতে চালকবিহীন রোবোট্যাক্সি চালু
২৬ নভেম্বর, ২০২৫ ১৫:৫৩  
২৬ নভেম্বর, ২০২৫ ১৮:৪৪  

উবার টেকনোলজিস চীনের স্বয়ংচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান উইরাইডের সহযোগিতায় আবু ধাবিতে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করেছে। গত বছর ঘোষিত অংশীদারিত্বের ভিত্তিতে বুধবার আনুষ্ঠানিকভাবে এই সেবা উন্মোচন করা হয়। উবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে তাদের প্ল্যাটফর্মে পুরোপুরি স্বয়ংচালিত ট্যাক্সি ব্যবহারের প্রথম শহর হলো আবু ধাবি। খবর রয়টার্স।

যাত্রীরা উবার এক্স বা উবার কমফোর্ট রাইড বুক করলে উইরাইডের রোবোট্যাক্সির সঙ্গে মিল পেতে পারেন। প্রতিষ্ঠানটি বলছে, বছরের শেষের মধ্যে আবু ধাবির কেন্দ্র ছাড়াও আশপাশের এলাকায় এই সেবার পরিসর বাড়ানো হবে।

গুয়াংজু–ভিত্তিক উইরাইড বর্তমানে মধ্যপ্রাচ্যে ১০০–র বেশি রোবোট্যাক্সি পরিচালনা করছে বলে জানিয়েছে উবার। স্বয়ংচালিত প্রযুক্তি এবং নগর পরিবহন খাতে এ উদ্যোগ নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি