৬,০০০ কর্মী ছাঁটাই করবে এইচপি

৬,০০০ কর্মী ছাঁটাই করবে এইচপি
২৬ নভেম্বর, ২০২৫ ১২:৩৯  

প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি ইনকর্পোরেটেড জানিয়েছে, কার্যক্রম সরলীকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত গ্রহণের অংশ হিসেবে ২০২৮ অর্থবছরের মধ্যে বিশ্বজুড়ে ৪,০০০ থেকে ৬,০০০ কর্মী ছাঁটাই করা হবে। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি বলছে, এআই ব্যবহারের মাধ্যমে পণ্য উন্নয়ন দ্রুত করা, গ্রাহক সন্তুষ্টি বাড়ানো এবং সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য। ঘোষণার পর ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটির শেয়ারদর প্রসারিত ট্রেডিংয়ে ৫.৫% কমে গেছে।

এইচপির প্রধান নির্বাহী এনরিক লরেস জানান, পণ্য উন্নয়ন, অভ্যন্তরীণ কার্যক্রম ও গ্রাহক সহায়তা বিভাগে কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে তিন বছরে প্রায় ১ বিলিয়ন ডলারের সাশ্রয় হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে পূর্বঘোষিত পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আরও ১,০০০ থেকে ২,০০০ কর্মী ছাঁটাই করেছিল।

চতুর্থ প্রান্তিকে কোম্পানির মোট কম্পিউটার সরবরাহের ৩০%–এর বেশি ছিল এআই–সক্ষম পিসি, যা চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। তবে মেমোরি চিপের বৈশ্বিক মূল্যবৃদ্ধি এইচপি, ডেল এবং এসারের মতো নির্মাতাদের জন্য ব্যয় বাড়াতে পারে বলে সতর্ক করেছে মর্গ্যান স্ট্যানলি। বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর এআই অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধির ফলে ডিআরএএম ও ন্যান্ড মেমোরির দাম বেড়েছে, যা সার্ভার বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করেছে।

লরেস বলেন, ২০২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে মূল্যবৃদ্ধির প্রভাব স্পষ্টভাবে পড়বে। প্রথমার্ধের জন্য প্রতিষ্ঠানটির পর্যাপ্ত মেমোরি মজুত রয়েছে। ব্যয় নিয়ন্ত্রণে তারা স্বল্পমূল্যের সরবরাহকারী যাচাই, মেমোরি কনফিগারেশন কমানো এবং প্রয়োজনীয় মূল্য সমন্বয়ের পদক্ষেপ নিচ্ছে।

এইচপি ২০২৬ অর্থবছরে প্রতি শেয়ারে সামঞ্জস্যকৃত আয় ২.৯০ থেকে ৩.২০ ডলার হবে বলে আশা করছে, যা বাজারের গড় পূর্বাভাসের নিচে। প্রথম প্রান্তিকে প্রত্যাশিত আয়ও বিশ্লেষকদের অনুমানের তুলনায় কম থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি