সোশ্যাল মিডিয়ায় ন্যূনতম বয়স নির্ধারণে ইইউ পার্লামেন্টের প্রস্তাব

সোশ্যাল মিডিয়ায় ন্যূনতম বয়স নির্ধারণে ইইউ পার্লামেন্টের প্রস্তাব
২৬ নভেম্বর, ২০২৫ ২০:৪৮  

ইউরোপীয় পার্লামেন্ট সোশ্যাল মিডিয়া ব্যবহারে ন্যূনতম বয়সসীমা নির্ধারণের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। বুধবার ব্রাসেলস থেকে জানানো হয়, অনলাইনে শিশু–কিশোরদের জন্য নিরাপদ ও বয়স-উপযোগী ব্যবহার নিশ্চিত করতে ডিফল্ট ন্যূনতম বয়স ১৬ করার প্রস্তাব পাস হয়েছে। খবর রয়টার্স।

অক্টোবরের খসড়া প্রস্তাবে বলা হয়েছিল, ইউরোপজুড়ে একটি সমন্বিত ডিজিটাল বয়সসীমা নির্ধারণ করা প্রয়োজন, যেখানে ১৬ বছরের নিচের কেউ পিতামাতা বা অভিভাবকের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না। এছাড়াও ১৩ বছরের নিচের কোনো শিশু যেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে না পারে—সে বিষয়টিও জোর দিয়ে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভার্চুয়াল সঙ্গী বা “এআই কম্প্যানিয়ন” ব্যবহারের ক্ষেত্রেও ন্যূনতম বয়সসীমা ১৩ বছর নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

তবে এই প্রস্তাব আইনগতভাবে বাধ্যতামূলক নয় এবং সরাসরি কোনো নীতি নির্ধারণ করে না। তা সত্ত্বেও ইউরোপজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে চলমান আলোচনায় এটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা যোগ করেছে।

ডিবিটেক/বিএমটি