‘ইউপেনশন অ্যাপ’ চালু
অ্যাপে সার্বজনীন পেনশন স্কিম সুবিধা
মুঠোফোনেই অবসরকালীন ভাতা ব্যবস্থাপনায় চালু হলো সরকারি কর্মচারীকে সার্বজনীন পেনশন স্কিম (ইউপিএস) এর ‘ইউপেনশন অ্যাপ’। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে ১৩ আগস্ট, বুধবার দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে চালু হওয়া ‘ইউ পেনশন’ অ্যাপ উদ্বোধন করেন অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো: মহিউদ্দিন খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে যে কেউ ওয়েবসাইটে গিয়ে সহজেই সর্বজনীন পেনশন স্কিমে স্বয়ংক্রিয় নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন।
অ্যাপ উদ্বোধনের পর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘পেনশন কর্তৃপক্ষ এই অ্যাপ চালু করে ভালো কাজ করেছে। এটিকে আরো ব্যবহার বান্ধব করতে হবে, যাতে পেনশনভোগীদের সুবিধা হয়। এজন্য আমরা যথাসাধ্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা খারাপ অবস্থায় নেই। সেক্ষেত্রে ‘ইউপেনশন অ্যাপ’ চালু হওয়া একটি অগ্রগতির ধাপ।’
পেনশন স্কিম নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো উদ্যোগ। আমরা চেষ্টা করব যেসব সমস্যা সমাধানের প্রয়োজন সেগুলো দ্রুত সমাধান করতে এবং অবশ্যই সাধারণ মানুষকে বুঝাতে হবে যে তারা এসব স্কিম থেকে উপকৃত হবেন।’
তিনি বলেন, এটা হয়তো ছোট পদক্ষেপ, কিন্তু একদিন এর সুফল মিলবে।
বাংলাদেশকে কল্যাণরাষ্ট্রে রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিমে কেন সব পেশার মানুষ অংশ নিচ্ছে না, তা খতিয়ে দেখা হবে। সরকারি কর্মচারী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই স্কিমে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় রয়েছে। ভুলত্রুটি থাকলে তা সংশোধন করা হবে এবং স্কিম নিয়ে ব্যাপক প্রচার চালানো হবে।
অর্থ উপদেষ্টা বলেন, “এনবিআরকে দুটি ভাগে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে এই পরিবর্তন কার্যকর হবে। তখন হয়তো এনবিআর নাম থাকবে না, বরং থাকবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ ও পলিসি বিভাগ— দুটি আলাদা ইউনিট।” তিনি জানান, এ সংস্কার রাজস্ব আদায় ও নীতিমালা প্রণয়নকে আলাদা ব্যবস্থাপনায় আনার লক্ষ্যে নেওয়া হয়েছে, যাতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ে।







