দ্রুতই চালু হবে আশ্বাস কতৃপক্ষের
রক্ষণাবেক্ষণের কারণে এনআইডি অনলাইন সেবা সাময়িক বন্ধ
- সার্ভার আপডেট ও সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত অনলাইন সেবা বন্ধ
- ভোগান্তিতে নাগরিকরা; সাময়িকভাবে এনআইডি আবেদন ও যাচাই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে
- সমস্যা দ্রুত সমাধান করে সার্ভার পুনরায় সচল করার আশ্বাস এনআইডি অনুবিভাগের
সিস্টেমের আধুনিকীকরণ ও ডাটা সেন্টারের ব্যাকবোন সুরক্ষায় সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্পর্কিত সব ধরনের নাগরিক অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে অনলাইনে নতুন এনআইডির আবেদন, তথ্য সংশোধন ও পরিচয় যাচাইকরণসহ সংশ্লিষ্ট অন্যান্য জরুরি প্রযুক্তিগত সেবায় বিঘ্ন ঘটছে।
নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের দায়িত্বশীল সূত্র ১৮ অক্টোবর, রবিবার রাতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছে।
ইসি সূত্রে প্রকাশ, সিস্টেম আপডেট ও ডাটাবেজ রক্ষণাবেক্ষণের মূল কাজের কারণে ব্যবহারকারীরা সাময়িকভাবে এনআইডি পোর্টালে প্রবেশ করতে পারছেন না। তবে নাগরিক ভোগান্তি এড়াতে এ কারিগরি প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য কাজ করছেন আইটি প্রকৌশলীরা।
এ বিষয়ে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন জানান, ‘সার্ভার আপডেটের কাজ চলছে। এ কারণে সেবা সাময়িকভাবে বন্ধ আছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যেই এটি পুনরায় চালু হয়ে যাবে।’
প্রযুক্তিগত এই উন্নয়ন কাজ শেষ হওয়া মাত্রই সার্ভার পূর্ণাঙ্গভাবে সচল হবে এবং নাগরিকরা পূর্বের ন্যায় স্বাচ্ছন্দ্যে সব ধরনের অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন বলে আশ্বস্ত করেন তিনি।
//ডিবিটেক/বিএমওএন/এসএমপি/এমআইএসটি//





