বিটিসিএল আবাসিক এলাকার সুপেয় পানি, রাস্তাঘাট ও আবাসন সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রীর
কড়াইলে বিটিসিএল সার্বজনীন দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন প্রযুক্তি মন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল অঙ্গীকার বলে ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১৮ অক্টোবর, রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর কড়াইলে বিটিসিএল আবাসিক এলাকায় বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গাপূজার ‘শারদীয় শুভেচ্ছা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন এবং তাঁদের সার্বিক কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
পূজা উদযাপনকারীদের পক্ষ থেকে উপস্থাপিত বিভিন্ন আঞ্চলিক দাবির প্রেক্ষিতে মন্ত্রী জানান, বিটিসিএল আবাসিক এলাকার রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির সুব্যবস্থা এবং আবাসনসহ নানা উন্নয়নমূলক বিষয়সমূহ তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করে এসব নাগরিক সমস্যার কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে এলাকার টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের সুসংগঠিত সহযোগিতার ওপরও তিনি জোর দেন।
পরবর্তীতে মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সার্বিক কল্যাণে সবার কাছে আশিস ও দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত বস্ত্র (শাড়ি) স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বিটিসিএল ও এর অধীনস্থ বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/জেডইউআইপি/এসএমপি/এমআইএসটি//





