প্রযুক্তিতে স্বাস্থ্যসেবা সহজ করার উদ্যোগ
বাংলালিংক অরেঞ্জ ক্লাবে মিলবে আরোগ্যের বিশেষ সুবিধা
- বাংলালিংক অরেঞ্জ ক্লাব গ্রাহকরা আরোগ্য প্ল্যাটফর্ম থেকে স্বাস্থ্যসেবায় বিশেষ মূল্যছাড় পাবেন
- গুলশানে টাইগার্স ডেনে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই সেবা আনুষ্ঠানিকভাবে শুরু
- ৪ হাজারের বেশি আউটলেটের পাশাপাশি যুক্ত হলো ডিজিটাল হেলথকেয়ার ও টেস্ট সুবিধা
ডিজিটাল সংযোগের পাশাপাশি গ্রাহকদের দৈনন্দিন স্বাস্থ্যসেবাকে প্রযুক্তি ও সুবিধার আওতায় আনতে যৌথ চুক্তি করেছে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর বাংলালিংক এবং হেলথটেক প্ল্যাটফর্ম আরোগ্য।
১৮ অক্টোবর, রবিবার গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তির বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানানো হয়। চুক্তিটি এর আগে ১ অক্টোবর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছিল।
চুক্তির আওতায় বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’-এর সদস্যরা আরোগ্য থেকে ন্যূনতম ১,০০০ টাকার ওষুধ, স্বাস্থ্য ও সৌন্দর্যপণ্য কেনাকাটায় অতিরিক্ত ১৫৫০ টাকা পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি ঘরে বসে ল্যাব টেস্ট, টেলিমেডিসিন এবং আরোগ্যের বিশেষ ‘হোল বডি হেলথ চেক-আপ’ প্যাকেজেও বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
বাংলালিংকের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিরেক্টর মো. রেজওয়ানুল করিম, প্রোডাক্ট ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, সিনিয়র ম্যানেজার জাইন জামান এবং পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার। আরোগ্যের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রোথ ভিপি আহমদ সাজিদ, পার্টনারশিপ লিড নিব্রাস আবদুল্লাহ করিম এবং বিজনেস এক্সিকিউটিভ রাফী এম শাহরিয়া।
গ্রাহকদের জীবনমান সহজ করার বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান জানান, বাংলালিংক কেবল সংযোগ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং প্রতিদিনের প্রয়োজন মেটাতে নতুন মূল্য সংযোজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরোগ্যের সাথে এই অংশীদারিত্ব গ্রাহকদের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবাকে আরও সুগম করবে।
আরোগ্যের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ সেলস অফিসার ইয়াওয়ার মাহবুব জানান, সবার জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করাই আরোগ্যের মূল লক্ষ্য। বাংলালিংকের বিশাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে দেশের বড় একটি গোষ্ঠীর কাছে প্রমিত ডিজিটাল হেলথকেয়ার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমানে দেশজুড়ে ৪,০০০টিরও বেশি পার্টনার আউটলেটের মাধ্যমে ফ্যাশন, ডাইনিং, শিক্ষা ও ট্রাভেলের পাশাপাশি স্বাস্থ্য খাতেও সেবা বিস্তৃত করল বাংলালিংক অরেঞ্জ ক্লাব। //ডিবিটেক/করেসপন্ডেন্ট/সম্পাদিত/আউটপুট//





