চালকবিহীন গাড়ির প্রযুক্তিতে অংশীদারিত্ব বাড়াল মার্সিডিজ ও এনভিডিয়া

চালকবিহীন গাড়ির প্রযুক্তিতে অংশীদারিত্ব বাড়াল মার্সিডিজ ও এনভিডিয়া
১৭ অক্টোবর, ২০২৬ ১৭:০২  

ইউরোপে সর্বপ্রথম লেভেল ৩ স্বয়ংচালিত গাড়ি চালুর আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ এবং প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া তাদের কৌশলগত অংশীদারত্ব আরও দীর্ঘায়িত করার ঘোষণা দিয়েছে। 

মূলত পরবর্তী প্রজন্মের আরও উন্নত স্বয়ংচালিত বা অটোনোমাস ড্রাইভিং সিস্টেম উন্নয়নের লক্ষ্যেই এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে নির্দিষ্ট কিছু মহাসড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বেগে চলাচলের উপযোগী মার্সিডিজের 'ড্রাইভার পাইলট' প্রযুক্তিটি এই দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টাতেই সফলভাবে তৈরি হয়েছিল।

প্রযুক্তির মেলবন্ধন ও লেভেল ৪ স্বয়ংচালিত ব্যবস্থার লক্ষ্য
নতুন এই চুক্তির আওতায় গাড়ি চালনার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিতে মার্সিডিজ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রকৌশলগত দক্ষতা প্রয়োগ করবে। 

অন্যদিকে, সম্পূর্ণ প্রযুক্তিগত সহায়তা সরবরাহ করবে এনভিডিয়া। এই যৌথ উদ্যোগে এনভিডিয়ার হাইপেরিয়ন ইন-ভেহিক্যাল কম্পিউটিং ও সেন্সর আর্কিটেকচার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্ষমতাসম্পন্ন 'আলপামায়ো স্ট্যাক' ড্রাইভিং সফটওয়্যার এবং নিরাপত্তা ও গার্ড্রেল নিশ্চিতকারী 'হালোস' সিস্টেম ব্যবহার করা হবে। 

উভয় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো- নির্দিষ্ট কিছু পরিচালনগত শর্তের মধ্যে মানুষের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে গাড়ি চালাতে ও যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম 'এসএই-লেভেল ৪' স্বয়ংচালিত ব্যবস্থা তৈরি করা। এটি মূলত সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা লেভেল ৫ প্রযুক্তির ঠিক এক ধাপ নিচের পর্যায়।

অপারেটিং সিস্টেমের গভীর সমন্বয়
মার্সিডিজ ও এনভিডিয়ার এই যৌথ উদ্যোগ কেবল ড্রাইভিং সফটওয়্যারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; বরং মার্সিডিজের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘এমবি.ওএস’ এবং এনভিডিয়ার ‘হাইপেরিয়ন’ সিস্টেমের মধ্যে আরও গভীর ও নিবিড় সমন্বয় ঘটানো হবে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ব্যবহার এবং সড়কের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে স্বয়ংচালিত গাড়ির শিল্পে এক নতুন বিপ্লব ঘটাতে কাজ করছে এই দুই প্রতিষ্ঠান।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এরিনা ইভি