মুনাফা বেড়ে ১১২৪ কোটি টাকা
এজিএমের পরদিনই ১৮০% নগদ লভ্যাংশ দিল ওয়ালটন
- ২০তম এজিএমের একদিন পরেই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পাঠিয়েছে ওয়ালটন
- ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১১২৪ কোটি ৫৭ লাখ টাকা
- অনুমোদিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ গ্রিন এনার্জি ও আধুনিকায়নে ব্যয় হবে
বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাত্র একদিন পরেই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ পাঠিয়ে দ্রুত লভ্যাংশ বিতরণের দৃষ্টান্ত স্থাপন করেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২৫-২৬ হিসাব বছরের জন্য প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। একই হিসাব বছরে কোম্পানিটির মুনাফা বেড়ে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ টাকার বেশি হয়েছে।
ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস, জানান, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেওয়া শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। সভার একদিন পরেই বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ পরিশোধ করা হয়।
কোম্পানি সচিব জানান, ওয়ালটনের প্রযুক্তিগত উৎকর্ষ, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা ও পরিচালনগত গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি শক্তিশালী তারল্য পরিস্থিতি বজায় থাকায় অতি স্বল্প সময়ে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণ সম্ভব হয়েছে। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়ালটন।
মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে
২০২৫-২৬ হিসাব বছরের জন্য ওয়ালটন হাই-টেকের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১৮ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন। এ ছাড়া প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।
শেয়ারহোল্ডারদের অনুমোদিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৯৪ টাকা। আগের হিসাব বছরে মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৩৬৩ টাকা।
আলোচ্য হিসাব বছরে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরে এ পরিমাণ ছিল ৩১ টাকা ১১ পয়সা।
পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির মোট নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭০৪ কোটি টাকা। পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে হয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও বেড়ে দাঁড়িয়েছে ২৮০ টাকা ২৪ পয়সা।
গ্রিন এনার্জি সম্প্রসারণে স্টক লভ্যাংশ
অনুমোদিত ১০ শতাংশ স্টক লভ্যাংশের অর্থমূল্য কোম্পানির চলমান সবুজ জ্বালানি সক্ষমতা সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অন্যান্য আধুনিকায়ন ও সম্প্রসারণমূলক (বিএমআরই) কার্যক্রমে ব্যবহৃত হবে। কোম্পানিটি জানিয়েছে, এই স্টক লভ্যাংশ সম্পূর্ণভাবে সংরক্ষিত মুনাফা থেকে প্রদান করা হবে।
//ডিবিটেক/ডব্লিউপিএমএসএম/এসএমপি/এমআইএসটি//





