পদোন্নতির অধিকার রক্ষার দাবি

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগে আপত্তি

  • দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণের দাবি
  • পিডিবি, ডিপিডিসি ও নেসকোতে কয়েক হাজার পদে নিয়োগ আটকে থাকার অভিযোগ
  • চার ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ চেয়েছে এফডিইবি

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগে আপত্তি
১৭ অক্টোবর, ২০২৬ ১২:১৩  

সরকারি চাকরিতে দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। তাঁদের আশঙ্কা, পদটি সবার জন্য উন্মুক্ত করা হলে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান, পদোন্নতি ও পেশাগত অগ্রগতির সুযোগ সংকুচিত হবে এবং প্রকৌশল খাতে অস্থিরতা তৈরি হতে পারে।

১৭ অক্টোবর, শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)। সংগঠনটির নেতারা সরকারি বিধিবিধান অনুযায়ী দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ এবং ৩৩ শতাংশ পদোন্নতিসহ ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে একতরফাভাবে নিয়োগবিধি সংশোধন করে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ কমানো হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে অর্জিত অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

তাদের দাবি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিসহ (নেসকো) বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার পদে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের প্রক্রিয়া বন্ধ রয়েছে। নিয়োগবিধি ও পদোন্নতির জ্যেষ্ঠতা নীতিমালায় বৈষম্যের কারণে বিভিন্ন সংস্থায় তাঁদের জ্যেষ্ঠতাও লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। হয়রানিমূলক মামলার অজুহাতে শত শত উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ আটকে রাখা হয়েছে বলেও তাঁরা দাবি করেন।

এফডিইবির নেতারা বলেন, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত করার যেকোনো উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদ, দায়িত্ব ও পেশাগত অধিকার সুরক্ষায় বিদ্যমান সরকারি বিধিবিধান এবং জনবল কাঠামো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মানববন্ধন থেকে সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকেই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভর্তির কোটা ও সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং যোগ্যতা অনুযায়ী শিক্ষার পথ সুগম করা কারিগরি শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল—‘ষড়যন্ত্রমূলক নিয়োগবিধি বাতিল কর, করতে হবে’, ‘বিপিডিবি, এলজিইডির উপসহকারী প্রকৌশলী ও জুনিয়র ইন্সট্রাক্টর পদের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে’, ‘আইডিইবি নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে’ এবং ‘চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না’।

মানববন্ধনে বক্তব্য দেন এফডিইবির কেন্দ্রীয় সভাপতি ও আইডিইবির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ, সহসভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রকৌশলী আব্দুস সামাদ সরদার, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি প্রকৌশলী আব্দুল কাইয়ুম বাচ্চু, গাজীপুর মহানগরীর সভাপতি প্রকৌশলী ফারুক আহমেদ এবং ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আবছার উদ্দিন।

//ডিবিটেক/জেএনএনআর/এসএমপি/এমআইএসটি//