মাঝ আকাশে খুলে যায় দরজা
শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ রোগী মৃত
- মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় আগরতলা-কলকাতাগামী ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ
- কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর উড়োজাহাজে থাকা অসুস্থ অঞ্জনা ভৌমিককে মৃত ঘোষণা
- চিকিৎসকমণ্ডলী, স্বজন ও পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রী ছিলেন মোট সাতজন
আকাশপথে যান্ত্রিক গোলযোগ ও জরুরি এভিয়েশন প্রটোকলের অংশ হিসেবে ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে উড়োজাহাজে থাকা গুরুতর অসুস্থ এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৮ অক্টোবর, রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটার বিষয়টি সাংবাদিকদের জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।
এভিয়েশন সূত্রের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির যাত্রীতালিকায় মৃত রোগীর নাম অঞ্জনা ভৌমিক বলে জানা গেছে, যিনি ভারতীয় নাগরিক। তাঁর সাথে বিমানে ভ্রমণ করছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুজন সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাঁরা সকলেই ভারতের নাগরিক।
উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সূত্রে প্রকাশ, এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড পরিচালিত ‘সি৯০এ’ (C90A) মডেলের উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। ফ্লাইটটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই ক্রু ও রোগীসহ বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, আগরতলা থেকে উড্ডয়নের পর মাঝ আকাশে হঠাৎ উড়োজাহাজটির দরজা খুলে যায়। এই প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত চরম পরিস্থিতিতে পাইলট নিকটস্থ শাহজালাল বিমানবন্দরে দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। রানওয়েতে অবতরণের পরপরই রোগীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়।
তবে ঠিক কী কারণে মাঝ আকাশে উড়োজাহাজটির দরজার লকিং সিস্টেমে ত্রুটি দেখা দিয়ে তা খুলে গিয়েছিল এবং ওই নারী রোগীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, সে বিষয়ে বিস্তারিত তদন্ত ও তথ্য অনুসন্ধানের কাজ চলছে।
//ডিবিটেক/জেএসএ/এসএমপি/বিপিও//





