কম র‍্যামযুক্ত পিসির জন্য বিশেষ মেমোরি অপ্টিমাইজেশন আনছে মাইক্রোসফট

কম র‍্যামযুক্ত পিসির জন্য বিশেষ মেমোরি অপ্টিমাইজেশন আনছে মাইক্রোসফট
১৮ অক্টোবর, ২০২৬ ১৩:৫৭  

জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-কে আরও দ্রুতগতির ও কর্মক্ষম করতে বড় ধরনের আপডেট নিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। পরীক্ষামূলক ব্যবহারকারীদের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর এবার এই আপডেট সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। 

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, উন্নত মেমোরি ব্যবস্থাপনা ও দক্ষতার কারণে অপারেটিং সিস্টেমটির কার্যক্ষমতা বা রেসপন্সিভনেস প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

বিশেষ করে ডেটা প্রসেসিংয়ের সময় ধীরগতির স্টোরেজে তথ্য না পাঠিয়ে সরাসরি মেমরিতে প্রায় ২ গিগাবাইট পর্যন্ত অতিরিক্ত সক্রিয় ডেটা ধরে রাখতে পারে সিস্টেম। 

এর ফলে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক অ্যাপ বা ব্রাউজার ট্যাব ওপেন করলেও পিসি ঝরঝরে ও সচল থাকে।

কম র‍্যামযুক্ত পিসির জন্য বিশেষ সুবিধা
বর্তমান বাজারে মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় কম্পিউটারে র‍্যাম বাড়ানো বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় যেসব পিসিতে ৮ জিবি বা তার কম র‍্যাম রয়েছে, সেগুলোতে বিশেষ সুবিধা মিলবে। 

৮ জিবি বা তার কম র‍্যামের কম্পিউটারে উইন্ডোজ এখন কেবল তখনই উইজেট লোড করবে যখন ব্যবহারকারী নিজে তা ওপেন করবেন, যা প্রায় ২০০ মেগাবাইটের বেশি মেমোরি খালি রাখতে সাহায্য করবে। এ ছাড়া ব্লুটুথ সংযোগের ক্ষেত্রে এয়ারপডস পেয়ারিং প্রক্রিয়া আরও দ্রুত করা হয়েছে এবং ‘উইন্ডোজ হ্যালো’ লগইন প্রক্রিয়া আরও সহজ ও নির্ভরযোগ্য করা হয়েছে।

এআই সার্চ ও নতুন ফটোস অ্যাপ
পরীক্ষামূলক ব্যবহারকারীরা গত সপ্তাহে উন্মোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত নতুন সার্চ ফিচারটি এখন ব্যবহার করতে পারছেন। সার্চ অপশনটিকে কার্যত একটি চ্যাটবটে রূপান্তর করা হয়েছে, যার মাধ্যমে হাজার হাজার কাজ সরাসরি সম্পন্ন করা সম্ভব। 

পাশাপাশি, নতুন একটি ফটোস অ্যাপ যুক্ত করা হয়েছে যা লোকাল স্টোরেজ, ওয়ানড্রাইভ এবং আইক্লাউড থেকে ছবি একসঙ্গে সংগ্রহ করতে পারে। নতুন এই সংস্করণে নেটিভ ভিউয়ার ৩০ শতাংশ এবং বিল্ট-ইন এডিটর ২৫ শতাংশ দ্রুত কাজ করবে বলে দাবি করেছে মাইক্রোসফট।

ডিবিটেক/বিএমটি     ।    সূত্র: এনগ্যাজেট