১ নভেম্বর থেকে আবেদন শুরু
অনলাইনে ৫৬ জেলায় ‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন
- ৫৬ জেলার সব উপজেলায় ১ থেকে ৩০ নভেম্বর আবেদন করা যাবে
- আট জেলায় প্রথম পর্যায়ে জমা পড়েছে ১৮ হাজার ৪৪৪টি আবেদন
- যোগ্য তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান পেতে পারেন
দেশের উপজেলা পর্যায়ে তরুণদের ব্যবসা শুরু ও উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে নতুন করে আবেদন নেওয়া শুরু হচ্ছে ৫৬ জেলায়। আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এসব জেলার সব উপজেলার আগ্রহী তরুণেরা আবেদন করতে পারবেন। এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।
১৭ অক্টোবর, শনিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচিটির লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করা এবং তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নের ব্যবস্থা করা। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।
প্রথম পর্যায়ে আট জেলায় ১৮ হাজার আবেদন
প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণায় আবেদন নেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার ৬৪টি উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন তরুণ উদ্যোক্তারা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোণায়—৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।
প্রাথমিক পর্যায়ের এই আট জেলা বাদে বাকি ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণেরা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
কর্মসূচিটির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর ০৫-এর মাধ্যমে জারি করা হয়। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাচ্ছে।
ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা
বাংলাদেশ ব্যাংকের আগের ঘোষণা অনুযায়ী, ‘উদ্যোগ’ কর্মসূচিতে একজন যোগ্য তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজের ব্যবসা শুরুর পরিকল্পনা অথবা সম্ভাবনাময় কোনো ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা বা চালু ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়।
তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসার জন্য ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি হিসেবে চিহ্নিত ব্যক্তি এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধা পাবেন না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তরুণদের অংশগ্রহণ বাড়িয়ে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।
//ডিবিটেক/সিএসএস/এসএমপি//এমআইএসটি//





