টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার

টিকটকার প্রিন্স মামুন  গ্রেফতার
১৪ আগষ্ট, ২০২৫ ১১:৪২  
১৪ আগষ্ট, ২০২৫ ২৩:১৬  

ফের গ্রেফতার হয়েছেন, টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন। ১৪ আগস্ট, বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ওই নারী। পরে গত বছরের ১ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান মামুন। মামুনের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, তিনি নিরপরাধ। হয়রানি করতে তাঁকে মামলার আসামি করা হয়েছে।

তবে ধর্ষণ মামলায় ওই নারীর অভিযোগ, ২০২২ সালের ৭ জানুয়ারি থেকে মামুন তার মাকে নিয়ে ওই নারীর বাসায় বসবাস করতে থাকেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একাধিকবার বিয়ের বিষয়ে বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত বছরের ১৪ মার্চ মামুন তাকে বিয়ে করবেন, এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। পরে তিনি বিয়ের কথা বললে মামুন খেপে যান ও গালাগাল করেন। মামুনের মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা। প্রিন্স মামুনের উত্থান মূলত সামাজিক মাধ্যম ‘টিকটক’ ও ‘লাইকি’র সুবাদে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন। সেখান থেকেই তার পরিচিতি।