ক্লাসে ফেরার আহ্বান ও মন্ত্রণালয়ে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের সুপারিশ

চুয়েটে মাত্র ছয় সদস্য নিয়ে ভার্চ্যুয়াল সিন্ডিকেট সভা সম্পন্ন

  • শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত ও সেশনজটের শঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ সিন্ডিকেটের
    চুয়েটে মাত্র ছয় সদস্য নিয়ে ভার্চ্যুয়াল সিন্ডিকেট সভা সম্পন্ন
    ১৬ অক্টোবর, ২০২৬ ২২:১০  

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মাঝেই মাত্র ছয়জন সদস্যের উপস্থিতিতে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা সম্পন্ন করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ ভার্চ্যুয়াল সভায় অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে নিয়মিত ক্লাসে ফেরার আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    সিন্ডিকেট সভার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও আলোচ্যসূচি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় অচলাবস্থার কারণে সম্ভাব্য সেশনজটের ঝুঁকি তৈরিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিন্ডিকেট। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফেরার আহ্বান জানানো হয়। একই সাথে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ও আস্থা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনদের সাথে সমন্বিত মতবিনিময় সভা আয়োজনের প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। এছাড়া বর্তমান সংকটের টেকসই সমাধান খুঁজতে সকল পক্ষের মতামত পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি প্রস্তাবনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চক্ষমতাসম্পন্ন একটি তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের আনুষ্ঠানিক সুপারিশ পাঠানো হচ্ছে।

    বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়েটের ১৭ সদস্যের সিন্ডিকেটে সহ-উপাচার্যের পদটি শূন্য রয়েছে। বাকি ১৬ জন সদস্যের মধ্যে অনুষ্ঠিত এ অনলাইন বৈঠকে উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো শিক্ষক প্রতিনিধি অংশ নেননি। সভায় অংশ নেওয়া সিন্ডিকেটের বহিঃস্থ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদুর রহমান চুয়েটের শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। ছুটি ও পারিবারিক অসুস্থতার কারণে কয়েকজন সদস্য অনুপস্থিত ছিলেন। এদিকে সিন্ডিকেটের সচিবের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির আগেই রেজিস্ট্রারের পদ থেকে পদত্যাগ করায় তিনি এ কার্যক্রমে যুক্ত হননি।

    গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষার্থীরা লাগাতার ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবার উপাচার্য ভবনে টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসা নেন উপাচার্য। পরবর্তীতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান নিয়ে তিনি এ জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

    //ডিবিটেক/সিআরএইচ/এসএমপি/এমআইএসটি//