জিনোম প্রযুক্তির পূর্ণ ব্যবহার
জিনোম প্রযুক্তি কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসায় আঞ্চলিক হাব হতে পারে বাংলাদেশ
* জিনোম সিকোয়েন্সিংয়ের সুবিধা থাকলেও যথাযথ ব্যবহার হচ্ছে না
* প্রিসিশন মেডিসিনে বাংলাদেশ আঞ্চলিক হাব হতে পারে
* পিইটি-সিটি ও সাইক্লোট্রন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩৪ জন
ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসায় জিনোম সিকোয়েন্সিং এবং প্রিসিশন মেডিসিনের পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত করা গেলে বাংলাদেশ বিশ্বমানের আঞ্চলিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হতে পারে। দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকলেও সেগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। এ প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে রোগীর জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী রোগ নির্ণয় ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাসেবা চালুর সুযোগ রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এসব সম্ভাবনার কথা তুলে ধরেছেন। ১৪ নভেম্বর, শনিবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘Training Course on PET-CT & Cyclotron’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
সচিব বলেন, দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না। অদূর ভবিষ্যতে রোগ নির্ণয় ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাসেবা চালুর মাধ্যমে বাংলাদেশ বিশ্বমানের আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, প্রতিরোধমূলক ও প্রিসিশন মেডিসিনের পাশাপাশি দেশের তরুণ জনগোষ্ঠী এবং মেধাবী চিকিৎসকদের কাজে লাগাতে হবে। এর মাধ্যমে নতুন ওষুধ আবিষ্কার এবং শিল্পোন্নয়নের পরিধি বাড়ানো সম্ভব। যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করা গেলে তুলনামূলক কম খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা ও ওষুধ উৎপাদন করা যাবে। এসব সেবা ও ওষুধ দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কোর্সটির গুরুত্ব তুলে ধরে আনোয়ার হোসেন বলেন, এটি তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বাড়াবে। পাশাপাশি পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির যথাযথ প্রয়োগ দেশের স্বাস্থ্যসেবাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কমিশনের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) পরিচালক এ. এস. এম. হাবিব উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক অধ্যাপক ড. জিনাত জাবিন।
৩৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
//ডিবিটেক/এমআরএসপি/এসসিডিই/এফওইডি//





