ফ্যাক্টচেক: কৃষি মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ

ভেজাল সার নিয়ে পুরোনো ভিডিও প্রচার বিভ্রান্তিকর

  • আগস্টের নিষ্পত্তিকৃত ঘটনার ভিডিও নতুন করে ছড়ানো হচ্ছে
  • জব্দ ও জরিমানার পর ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে
  • সরকার ভেজাল সার সরবরাহ করছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ অসত্য

ভেজাল সার নিয়ে পুরোনো ভিডিও প্রচার বিভ্রান্তিকর
১৩ নভেম্বর, ২০২৬ ১৯:৫৫  

ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ প্রবাহের যুগে পুরোনো ঘটনার ভিডিও নতুন প্রেক্ষাপটে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ভেজাল ও নকল সার সংক্রান্ত বিষয়ে সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিও পোস্ট কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হলে প্রকৃত সত্য সামনে আসে।

১৩ নভেম্বর, শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, প্রচারিত ভিডিওটি গত ২৭ আগস্ট, বৃহস্পতিবারের একটি নিষ্পত্তিকৃত ঘটনার দৃশ্য; যা অসৎ উদ্দেশ্যে নতুন করে ছড়ানো হচ্ছে।

ফ্যাক্টচেক অনুসন্ধানে ও মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলাধীন জাল্লা বাজারের সার ডিলার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর হেফাজত থেকে ভেজাল সার জব্দের ঘটনার। সে সময় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ওই ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রয়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট কর্তৃক অভিযুক্তকে দুই লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি কর্তৃক অভিযুক্ত ডিলার ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশীপ বাতিলের ব্যবস্থাও গ্রহণ করা হয়।

কৃষি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, আগস্ট ২০২৬ সালে তাৎক্ষণিক আইনগতভাবে নিষ্পত্তিকৃত একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়ানো অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। প্রচারিত ভিডিও ও পোস্টে 'সরকার ভেজাল সার সরবরাহ করছে' মর্মে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য এবং মন্ত্রণালয় এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অসত্য তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিলার পর্যায়ে সার সরবরাহের পূর্বে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে যথাযথভাবে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে সারের গুণগত মান পরীক্ষা করা হয়। সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করায় এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

 //ডিবিটেক/এমজেএইচ/এসডিই/সিওই//